২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক হচ্ছে টুইটার-ইয়াহু?

একীভূত হওয়া নিয়ে আলোচনা করছে সংকটময় অবস্থায় থাকা মার্কিন ইন্টারনেটভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠান ইয়াহু আর মাইক্রোব্লগিং সাইট টুইটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 09:51 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

সাম্প্রতিক সময়ে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি তলায় নেমে যাওয়া টুইটার, ইয়াহু-এর প্রধান মারিসা মায়ার-এর সঙ্গে ব্যবস্থাপনা পর্যায়ের একটি বৈঠক করে, মার্কিন দৈনিক নিউ ইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনের বরাতে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার।

ইয়াহু-কে বিক্রির জন্য তোলার পর, অন্তত ১০টি প্রতিষ্ঠান কেনার জন্য মূল্য প্রস্তাব করে। তার মধ্যে মার্কিন টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ভেরাইজন আর অস্ট্রেলিয়ান টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টিপিজি ইয়াহু-এর মূল ব্যবসায়ের জন্য প্রায় আটশ’ কোটি ডলারের মূল্য দেওয়ার প্রস্তাব করে।

এদিকে টুইটারের শেয়ার মূল্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় এক হাজার কোটি ডলার।

ইয়াহু-এর বিশাল সংখ্যক ব্যবহারকারীর সঙ্গে টুইটারের জোটবদ্ধ হওয়ার খবরের আমেজে দুই প্রতিষ্ঠানের বাজারমূল্য বাড়াতে শক্তি যোগাবে বলে ধারণা করা হচ্ছে।

তবে মায়ারের সঙ্গে ওই বৈঠকে টুইটার প্রধান জ্যাক ডরসি উপস্থিত না থাকায়, ওই বৈঠক আসলেই কতটা গুরত্বপূর্ণ ছিল তা নিয়ে কিছু সন্দেহ থেকে যায় বলে ভাষ্য ওই প্রতিবেদনের।

ওই বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র থেকে জানা যায়, ইয়াহু আর টুইটারের নির্বাহীরা কয়েক ঘণ্টা ধরে ইয়াহু-এর আর্থিক অবস্থা আর কৌশলগতভাবে এই জোটবদ্ধ হওয়া কোনো ফল বয়ে আনবে কিনা তা নিয়ে আলোচনা করেছেন।

এক সূত্রের পক্ষ থেকে বলা হয়, "টুইটার তাৎক্ষণিক খবরের একটি স্থান, আর ইয়াহু-এর সাইটে অনেকগুলো চোখ রয়েছে। আপনারা যতোটা ভাবছেন, ধারণাটি ততটাও আজগুবি নয়।"

আরেকটি সূত্র থেকে জানা যায়, ইয়াহু-এর সঙ্গে বৈঠকে উপস্থিত হওয়া নিয়ে টুইটার প্রধান জ্যাক ডরসি কোনো আগ্রহই দেখাননি।

সূত্রের পক্ষ থেকে বলা হয়, “যখন প্রতিষ্ঠানটির প্রধানই এমন একটি জরুরী সভাতে থাকে না, তাহলে বুঝে নেওয়া উচিত বিষয়টি আসলে কতটা গুরুতপূর্ণ।"

“টুইটারের আগ্রহ দেখে মনে হচ্ছে, এটি কোনো গবেষণার বই নয়, শুধু একটি বিজ্ঞাপনের কাগজ মাত্র।“