২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা বাড়াচ্ছে ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক

নিজেদের ব্যাংকগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে সাইবার নিরাপত্তায় নজরদাড়ি জোরদার করছে ফিলিপিন্স-এর কেন্দ্রীয় ব্যাংক। সেইসঙ্গে তারা বিটকয়েন অপারেটরদেরও নিয়ন্ত্রণের দিকে দৃষ্টি দিচ্ছেন বলে জানিয়েছে ব্যাংকটি একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 09:09 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

সারাবিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলোর যোগাযোগ মাধ্যমে সুইফট মেসেজে প্রতারণার মাধ্যমে বিশ্বের কয়েকটি ব্যাংক সাইবার আক্রমণের শিকার হয়েছে, বছরের শুরু থেকেই বিষয়টি ছিল আলোচনায়। ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকে এই কৌশলের হ্যাকের মাধ্যমে ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া হয়, আর ওই অর্থ ফিলিপিন্স-এর একটি ব্যাংকে সরিয়ে নেওয়া হয়। মূলত এই ঘটনা থেকেই জন্ম এই আলোচনার, জানিয়েছে মার্কিন সাময়িকী ফরচুন।

ফিলিপিন্স-এর কেন্দ্রীয় ব্যাংক সাইবার নিরাপত্তা নীতিমালা নতুন করে সাজাতে, সাইবার হুমকি পর্যবেক্ষণে, সাইবার নিরাপত্তাজনিত বিষয়গুলো ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা কতটুকু তা নিয়ে চোখ রাখতে এবং নজরদারীমূলক কাজ চালাতে একটি আলাদা সাইবার নিরাপত্তা বিভাগ চালু করেছে, এক বিবৃতিতে ব্যাংকিং খাতের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নেস্টর এস্পেনিলা এমনটা জানিয়েছেন।

তিনি বলেন, "আমাদের একটি মূল আইটি পর্যবেক্ষণ দল আছে... আর এই দলের সঙ্গে আমরা একটি নতুন বিভাগ খুলছি, যা সাইবার নিরাপত্তা বিভাগে নজর দেবে আর এর ফলে এই ক্ষেত্রে মোকাবেলায় আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে।"

তিনি জানান, রেমিটেন্স প্রতিষ্ঠান, মুদ্রা বিনিময়কারী আর ভার্চুয়াল মুদ্রার অপারেটরদের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কড়াকড়ি করার চেষ্টা করছেন দেশটির নীতিনির্ধারকরা। অর্থ পাচার রোধে চেষ্টা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এক বছর আগের তুলনায় ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে চলতি বছর এই খবর প্রকাশের সময় পর্যন্ত ফিলিপিন্সে ডিজিটাল মুদ্রা ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দেশটিতে প্রতি মাসে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০ লাখ থেকে ৩০ লাখ ডলারের মতো ভার্চুয়াল মুদ্রা লেনদেন রয়েছে। 

এস্পেনিলা বলেন, "আমরা দেখতে চাচ্ছি ভার্চুয়াল মুদ্রা অপারেটরদের কড়া নীতিমালায় আনার জন্য এটা উপযুক্ত সময় কি-না। এখন, আমরা রেমিন্টেন্স প্রতিষ্ঠানগুলোর দিকেও একইভাবে দেখছি।"

বাংলাদেশ ব্যাংক থেকে হাতিয়ে নেওয়া অর্থের একটা অংশ লেনদেন হয় দেশটির রেমিটেন্স প্রতিষ্ঠান ফিলরেম সার্ভিস কর্পোরেশনে। মুদ্রাপাচারবিরোধী তদন্তের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রত্যাহার করে নিয়েছে ফিলিপিন্স-এর কেন্দ্রীয় ব্যাংক। তবে, ফিলরেম কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছে।