২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল যুব প্রতিবন্ধীদের প্রযুক্তি প্রতিযোগিতা

দেশে প্রথমবারের মতো আয়োজিত যুব প্রতিবন্ধীদের নিয়ে জাতীয় ‘আইসিটি প্রতিযোগিতা ২০১৬’ শেষ হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 08:21 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

যুব প্রতিবন্ধীদের নিয়ে চারটি ক্যাটেগরির এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এর মধ্যে ১৩ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নীলফামরীর সাইফুল ইসলাম। ১৭ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মো. আরমান কামাল। ১৪ জন নিউরো ডেভলাপমেন্টাল (বা অটিজম) প্রতিবন্ধীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রাম সেনানিবাসের রাফিদ আহসান। ১৪ জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন পটুয়াখালী জেলা পবঙ্গাশিয়া গ্রামের কাজী নুসরাত সিনতিয়া। প্রত্যেক ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৪০ হাজার টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয় বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

প্রতিযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী ক্যাটেগরিতে দ্বিতীয় হয়েছেন লালমনিরহাটের মোকলেছুর এবং তৃতীয় স্থান লাভ করেছেন বরিশালের জাহিদুল ইসলাম। ১৭ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধীর মধ্যে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন বগুড়া জেলার সামুরা ও ঢাকার সাকিব খান। নিউরো ডেভেলপমেন্টাল (অটিজম) ক্যাটেগরিতে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ঢাকার এস.এম. ফেরদৌস ইকরাম (ফয়সাল) এবং রিশতা গালিব। শারীরিক প্রতিবন্ধী ১৪ জনের মধ্যে গাজীপুর জেলার মো. খালেদ হোসেন দ্বিতীয় ও ময়মনসিংহ জেলার মো. শরিফুল ইসলাম তৃতীয় স্থান লাভ করেছেন। প্রত্যেক ক্যাটাগরির দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীকে যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা পুরস্কার, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রধান করা হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রত্যেক প্রতিযোগীকে সার্টিফিকেট ও পেনড্রাইভ দেওয়া হয়।

৪ জুন শনিবার রাজধানী ঢাকার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, গ্রিন রোড ক্যাম্পাসে দিনব্যাপী যুব প্রতিবন্ধীদের নিয়ে জাতীয় আইসিটি প্রতিযোগিতায় সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিজয়ীদের মধ্য হতে একটি দল নির্বাচন করা হবে যারা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করবে বলে জানান তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে থেকে আগত মোট ৫২জন প্রতিযোগী চারটি ক্যাটেগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। বিজয়ী প্রতিযোগীদের মধ্য হতে দক্ষতার ভিত্তিতে আগামী ২০১৬ সালের নভেম্বর মাসে চীনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

এ ছাড়া অংশগ্রহণকারীদের মধ্য হতে দক্ষতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত উচ্চতর কোর্সে বিনা ফিতে অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে। সব অংশগ্রহনকারীকে আইসিটি বিভাগ ও বিসিসি আয়োজিত চাকরি মেলায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

সমাপনী অনুষ্ঠানে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক-এর উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারূনুর রশীদ, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরূল আলম, সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারপার্সন ড. প্রাণ গোপাল দত্ত এবং বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম।

এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), দেশীয় এনজিও সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) ও ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক-এর সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতা আয়োজন করে।