চরিত্র থাকবে, গেইমে থাকবে না নারী-পুরুষ
জনপ্রিয় লাইফ সিমুলেশন গেইম সিমস-এর নতুন আপডেটে পুরুষ ও নারী লিঙ্গভিত্তিক ভিন্ন ভিন্ন পোশাক-আশাক ও চুলের স্টাইলের সীমারেখা উঠিয়ে দিয়েছে গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস (ইএ)।
ইএ এবং গেইমটির প্রকাশক প্রতিষ্ঠান ম্যাক্সিস জানায়, সিমস ফোর মূল গেইম এবং এর বিভিন্ন এক্সপেনশন প্যাকে থাকা পৃথক লিঙ্গভিত্তিক ৭০০টি কনটেন্ট এখন পুরুষ বা নারী যে কোনো লিঙ্গের জন্যই পাওয়া যাবে। নতুন এ সংস্করণে গেইমাররা তার বানানো ভার্চুয়াল চরিত্র সিমস-এর জন্য যে কোনো ধরনের দেহাবয়ব, কণ্ঠ বা হাঁটার ধরন ঠিক করে দিতে পারবেন।
এক বিবৃতিতে ইএ জানায়, ‘কোনো সিমের লিঙ্গ, বয়স, গোত্র, দেহ গঠন এবং আরও অনেক কিছুর উপর যাতে গেইমাররা পুরোপুরি নিয়ন্ত্রণ পান তা নিশ্চিত করতেই’ প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, "নারী সিমেরা এলেনের (ডিজেনারেস) মতোই পুরুষদের স্যুট এবং পুরুষ সিমেরা প্রিন্সের মতোই হিল পরতে পারবেন।"
সিমস ফোর-এর নির্বাহী প্রযোজক র্যাচেল ফ্রাঙ্কলিন জানান, ডেভেলাপাররা এ আপডেট নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন। ম্যাক্সিস এ আপডেটে এলজিবিটি প্রতিনিধিত্বকারী গ্রুপ গ্লাড-এর সঙ্গে কাজ করেছে বলেও জানান তিনি। এ ছাড়াও গেইমটির গ্যালারি থেকে লিঙ্গভিত্তিক সব চিহ্ন উঠিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
তিনি বলেন, "নারী সিমেরা এলেনের (ডিজেনেরাস) মতোই পুরুষদের স্যুট এবং পুরুষ সিমেরা প্রিন্সের মতোই হিল পরতে পারবেন।"
বিবিসি জানায়, ২০০০ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম গেইমটি থেকেই এতে সমলিঙ্গের মধ্যে সম্পর্কের ব্যবস্থা রয়েছে। পরবর্তীতে ২০০৯ সালে সিম থ্রি-তে সমলিঙ্গের মধ্যে বিয়ের ব্যবস্থা চালু করা হয়।
সাম্প্রতিককালে গেইমিং বিশ্বে লিঙ্গভিত্তিক ক্ষেত্রে ক্রমেই মুক্তধারার প্রকাশ লক্ষণীয় বলে ভাষ্য ব্রিটিশ সংবাদমাধ্যমটির। ইএ এবং বায়োওয়্যার-এর যৌথ উদ্যোগে নির্মিত ২০১৪ সালে বাজারে আসা ফ্যান্টাসি রোল-প্লেয়িং গেইম 'ড্রাগন এইজ: ইনকুইজিশন'-এ ট্রান্সজেন্ডার চরিত্র 'ক্রেম'-কে ঘিরে কাহিনীবিন্যাস গড়ে ওঠে।
