হেডফোন নিয়ে অ্যাপলের গুজব সত্যি করল স্যামসাং
নতুন আইফোনের জন্য সম্পূর্ণ তারহীন হেডফোন বানাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, এমন গুজব শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। অ্যাপল আসলেই তেমনটা করছে কি না, সেটা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হলেও স্যামসাং এরই মধ্যে কিছুটা এগিয়ে নিল নিজেদের। ৩১ মে সম্পূর্ণ তারহীন হেডফোন উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিক্স জায়ান্ট এই প্রতিষ্ঠানটি।
ব্যবসা-বাণিজ্যবিষয়ক পত্রিকা ও খবরের সাইট বিজনেস ইনসাইডার জানিয়েছে, 'গিয়ার আইকনএক্স' নামের হেডফোনটিতে ফোনের সঙ্গে কোন তারের সংযোগ নেই, এমনকি ডান এবং বাম দু'টি হেডফোনের মধ্যেও কোনো তার যুক্ত নয়। হেডফোনটি সম্পূর্ণরূপে ব্লুটুথের সাহায্যে চলবে বলেও জানানো হয়।
নতুন এই হেডফোনটির সঙ্গে একটি পরিবহনযোগ্য কেইস রয়েছে, যেটি থেকে হেডফোন দুটি চার্জ হবে। আর কেইসটি চার্জ হবে ইউএসবি চার্জারের মাধ্যমে। ব্লুটুথ হেডফোন হলেও এটি নিজেই আলাদা একটি মিউজিক প্লেয়ার। গিয়ার আইকনএক্স-এ ৪ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে। যার ফলে সরাসরি হেডফোন থেকেই গান শোনা যাবে। আর হেডফোনের টাচ প্যাডের সাহায্যে মিউজিক নিয়ন্ত্রণও করা যাবে।
সরাসরি হেডফোন থেকে মিউজিক চালু করলে একবার পরিপূর্ণ চার্জে হেডফোনটি প্রায় সাড়ে তিন ঘন্টা চলবে। আর ব্লুটুথের মাধ্যমে ফোন থেকে গান শোনা হলে এটি চলবে ৯০ মিনিট।
সম্পূর্ণ তারহীন হওয়া সত্ত্বেও এটি বাজারের অন্যান্য তারহীন হেডফোনের তুলনায় দামে সস্তা। হেডফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ মার্কিন ডলার। গিয়ার আইকনএক্স দিয়ে স্যামসাং প্রতিযোগিতায় কিছুটা এগিয়ে গেলেও, এক্ষেত্রে অ্যাপল কী চমক আনতে যাচ্ছে এবার সেটিই দেখার বিষয়। চলতি বছরের ১৩ জুন অ্যাপল ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
