২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরবর্তী নেক্সাস বানাচ্ছে হুয়াওয়ে!

স্মার্টফোনের বাজারে বর্তমানে শীর্ষস্থান দখল করে আছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ইতোপূর্বে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের জন্য নেক্সাস ফোনও তৈরি করেছে এই প্রতিষ্ঠান। মাঝখানে নেক্সাস ফোন তৈরির জন্য এইচটিসির নাম শোনা গেলেও আবার নতুন করে হুয়াওয়ের নামই গুঞ্জনে শোনা যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 06:07 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

গত বছর বাজারে আসে হুয়াওয়ের তৈরি নেক্সাস ৬পি। এরপরই নতুন নেক্সাস তৈরিতে তাইওয়ানিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসির নাম শোনা যায়। গুগলের জন্য অন্তত দুইটি নেক্সাস ফোন তৈরির কথা রয়েছে এই প্রতিষ্ঠানের এমন কোথাও শোনা গিয়েছে। এর আগে এলজি এবং মোটোরোলাও কয়েকটি নেক্সাস ফোন তৈরি করে। তবে, নতুন নেক্সাস ফোন তৈরিতে আবারও জোর গুঞ্জন চলছে হুয়াওয়ের নামে, জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজিআর ডটকম নিশ্চিত করেছে যে, গুগলের জন্য অন্তত আরও একটি নেক্সাস ফোন তৈরির জন্য কাজ করছে হুয়াওয়ে। দক্ষিণ আফ্রিকায় এক সাক্ষাৎকারে নেক্সাস ৬পি নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই আভাসই দিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রেন জেংফেই।   

"নেক্সাস একটি দারুণ পণ্য, প্রযুক্তিপ্রেমীরা এটি ভালোবাসে। কিন্তু খুব সংখ্যক মানুষ এটি কেনে। যদিও সেলুসিটি (দক্ষিণ আফ্রিকান মোবাইলফোন সেবাদাতা প্রতিষ্ঠান) দেশটিতে মাত্র ৩০০টি ফোন কিনেছে। মোবাইলফোন অপারেটররা সাধারণত নেক্সাস ডিভাইসকে গ্রহণ করেনা।", বলেন হুয়াওয়ের দক্ষিণ আফ্রিকান কনজিউমার বিজনেস গ্রুপের মহাব্যবস্থাপক চার্লিন মুনিলাল।

সম্প্রতি গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই জানিয়েছেন, তারা নেক্সাস ডিভাইস তৈরি করতেই থাকবেন। সেক্ষেত্রে কোনো হার্ডওয়্যার তৈরি করবেনা প্রতিষ্ঠানটি। আর নতুন নেক্সাসে স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার না-ও করা হতে পারে এমন আভাসও দিয়েছেন তিনি। পিচাই বলেন, "ভবিষ্যৎ নেক্সাস ডিভাইস হয়ত স্টক অ্যান্ড্রয়েডে চলবেনা, কিন্তু নেক্সাস ডিভাইসের জন্য আরও বেশি সফটওয়্যার তৈরির ব্যাপারে মনযোগী হবে।"