২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলচালিত গাড়ি বিমুখ হচ্ছে নরওয়ে

পরিবেশ দূষণে প্রচলিত জ্বালানী ব্যবহৃত যানবাহনের অবদান যে কতটুকু, তা না বললেও চলে। এবার এ থেকে মুক্তি পেতে পদক্ষেপ নিতে যাচ্ছে নরওয়ে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 05:48 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

২০২৫ সাল থেকে নরওয়েতে পেট্রল আর ডিজেলচালিত গাড়ি বিক্রি নিষিদ্ধ করা হবে, এমন এক প্রস্তাবনায় একমত হয়েছে দেশটির চারটি বড় দল। এই প্রস্তাবনা এখনও আইনে পরিণত না হলেও, আগ্রহী একটি দল ইতোমধ্যে তা উদযাপন শুরু করে দিয়েছে বলে জানিয়েছে নরওয়েভিত্তিক দৈনিক ডগেন নাইরেংস্লিভ।

এই প্রস্তবানা আইনে পরিণত হলে, তা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা-এর জন্য অবশ্যই ইতিবাচক হবে বলে ভাষ্য মার্কিন সাময়িকী ফরচুন-এর। কারণ, সারা বিশ্বে ইলন মাস্ক-এর এই প্রতিষ্ঠানটিই সবচেয়ে উন্নত বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করছে। তবে, এই ক্ষেত্রে টেসলার লাভের পরিমাণটা আন্দাজে যতোটা ধারণা করা যায়, আর্থিক দিক থেকে ততোটা নয়। এর কারণ হচ্ছে নরওয়ে-এর মোট জনসংখ্যা প্রায় ৫০ লাখ, আর পুরো দেশে ব্যবহৃত মোট গাড়ির ২০ শতাংশই ইতোমধ্যে পুরোপুরি বৈদ্যুতিক। 

জীবাশ্ব জ্বালানী দহনের মাধ্যমে চলে, এমন গাড়ি নিষিদ্ধ করতে বিবেচনা করা দেশের তালিকায় নরওয়ে একা নয়, ভারত আর নেদারল্যান্ডসও রয়েছে।

শক্তি আর অর্থনৈতিকভাবে নরওয়ে-এর অবস্থান এমন প্রচেষ্টাকে আরও সামনে নিয়ে যায়। পুনঃব্যবহারযোগ্য হাইড্রোপাওয়ার ব্যবহার করে দেশটি তাদের নিজেদের প্রয়োজনের ৯০ শতাংশ বেশি যোগায়। এর ফলে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার দেশটির জন্য সহজ হয়ে দাঁড়ায়।

অন্যদিকে, নরওয়ে একসময়কার ইউরোপের সবচেয়ে বড় পেট্রোলিয়াম আর জীবাশ্ম জ্বালানী উৎপাদনকারী দেশ। দেশটির রপ্তানীর ৪৫ শতাংশ এবং জিডিপি-এর ২০ শতাংশ এ খাত থেকেই আসে।