স্বচালিত গাড়িতে বিএমডাব্লিউ’র নজর
জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডাব্লিউ তাদের পণ্য গবেষণা এবং উন্নয়ন খাতে স্বচালিত গাড়ির দিকে নজর দিচ্ছে, জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য ক্লাউস ফরেলিচ।
রয়রটার্স জানায়, তাদের পদক্ষেপটি হবে ‘আই’ সাব ব্র্যান্ডকে উন্নত করা এবং কার্বন ফাইবারভিত্তিক বৈদ্যুতিক গাড়ি তৈরি করা।
প্রতিষ্ঠানটির ব্যাটারিচালিত গাড়ি আইথ্রি-এর জনপ্রিয়তা আশানুরূপ না হওয়ায় তারা শূন্য কার্বন নির্গমন যানবাহনের সংস্কার নিয়ে কাজ করছে। আইথ্রি মডেলটি ২০১৫ সালে মাত্র ২৫ হাজার ইউনিট বিক্রি হয়েছিল। ঐ বছরে আবার বৈদ্যুতিক গাড়িতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান টেসলার মডেল থ্রি ৩৭০০০০ ইউনিট অর্ডার পেয়েছিল।
ক্লাউস ফরেলিচ-এর দেওয়া তথ্য অনুযায়ী, পুরোপুরি নতুন মডেলের কোনো বৈদ্যুতিক যান ২০২১ সালের মধ্যে প্রতিষ্ঠানটি বের করবে না। কিন্তু এই জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ২০১৮-এর মধ্যে আইথ্রি বৈদ্যুতিক গাড়ির নতুন একটি সংস্করণ বাজারে আনবে, খবর রয়টার্স-এর।
এদিকে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তাদের মডেল থ্রি-এর নতুন সংস্করণ বের করবে ২০১৭ সালে। বিএমডাব্লিউ এবং টেসলার ‘রাজকীয়’ প্রতিদ্বন্দ্বী দুই জার্মান গাড়ি নির্মাতা পোর্শে এবং আউডি তাদের নির্মাণাধীন বৈদ্যুতিক গাড়িগুলো উন্মোচন করবে ২০১৯ সালে।
