চুক্তিতে ওয়ালমার্ট, উবার, লিফট
যুক্তরাষ্ট্রে গ্রাহকের কাছে গৃহস্থালির পণ্য পৌঁছে দিতে উবার এবং লিফট-এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছে মার্কিন রিটেইল জায়ান্ট ওয়ালমার্ট। গ্রাহকের কাছে দ্রুত ও নিরাপদে পণ্য পাঠাতে খুব শীঘ্রই অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার এবং লিফটের সঙ্গে চুক্তি উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বিবিসি জানিয়েছে, ৩ জুন প্রতিষ্ঠান দুটির সঙ্গে চুক্তিতে বসার কথা রয়েছে ওয়ালমার্টের। আর আগামী দুই সপ্তহের মধ্যেই সেবাটি পরীক্ষামূলকভাবে চালু করার ব্যাপারে আশাবাদী প্রতিষ্ঠানটি।
সেবাটি চালু হলে ওয়ালমার্ট গ্রাহকেরা অনলাইনে পণ্য কিনতে পারবেন। এরপর ওয়ালমার্ট কর্মী উবার অথবা লিফট চালককে পণ্য সরবরাহ করতে অনুরোধ করবে এবং চালকরা পণ্য সরাসরি গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেবে। এক্ষেত্রে সেবাটি পেতে গ্রাহককে ৭ থেকে ১০ ডলার খরচ করতে হবে বলেও জানানো হয়েছে।
ইতোমধ্যেই ১৩ টি বাজারে প্রতিষ্ঠানটি অনলাইন পণ্য সরবরাহ করে থাকে। এবার চুক্তি বাস্তবায়ন হলে সেবার পরিধি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডৌগ ম্যাকমিলান ঘোষণা করেছিলেন বিশ্বব্যাপী আরও ২৬৯টি স্টোর খুলতে যাচ্ছে ওয়ালমার্ট।
প্রাথমিকভাবে এই সেবাটি ডেনভার, কলোরাডো, ফিনিক্স এবং অ্যারিজোনা শহরে চালু করা হলেও পরবর্তীতে অন্যান্য শহরেও চালু কার কথা রয়েছে। অনলাইন সরবরাহ সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরেক মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের তাজা পণ্য সরবরাহ সেবাকে টেক্কা দেওয়ার প্রয়াস করছে বলেও ধারণা করা হচ্ছে। ২০০৭ সালে অ্যামাজন গ্রাহকদের জন্য এই সেবাটি প্রথম শুরু করে।
