২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভবতীদের সেবায় দক্ষিণ কোরিয়া

গর্ভবতী নারীদের ট্রেনে সিট ব্যবহারে অগ্রাধিকার দিতে ওয়্যারলেস সিট অ্যালার্ট সিস্টেম চালু করেছে দক্ষিণ কোরিয়া। আপাতত দেশটির বুসান শহরে ৫০০ গর্ভবতী নারীকে নিয়ে পাঁচদিনের জন্য সেবাটি পরীক্ষামূলকভাবে চালু করেছে ‘দ্য পিংক লাইট’ নামে একটি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 05:59 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

নতুন এই সেবার মাধ্যমে কোনো গর্ভবতী নারীকে ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করতে হবে না। সেবাটি পেতে গর্ভবতী নারীরা একটি ব্লুটুথ ডিভাইস সঙ্গে রাখবেন। ওই ডিভাইস ব্যবহারকারী যাত্রী ট্রেনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের জন্য সিটের লাইট জ্বলে উঠবে এবং অন্যান্য যাত্রীরা এতে সতর্ক হবেন বলে, জানিয়েছে বিবিসি।

নগর পরিষদ এবং দ্য পিংক লাইট প্রতিষ্ঠানটির সমন্বয়ে এই সেবাটি চালু করা হয়েছে বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে যারা ব্লুটুথ ডিভাইসটি ব্যবহার করবেন, সেটি ভালো সিগন্যাল পেতে ব্যাগের বাইরে ঝুলিয়ে রাখতে হবে। ডিভাইসটি পানিনিরোধক না হলেও একটি ব্যটারির মাধ্যমে সেন্সরটি ছয় মাস চলবে, জানিয়েছে পিংক লাইট।

“গর্ভবতী নারীদের গণ পরিবহন ব্যবহারে অগ্রাধিকার দেওয়া উচিত, যাতে তারা আরও সহজ এবং সুবিধামত যাতায়াত করতে পারেন।”, বলেন বুসান মেয়র শু বুয়াং-সু।

এর আগে অনেক গর্ভবতী নারীকে এমন অভিযোগ করতে দেখা গেছে যে, তারা গণপরিবহনে সিট পান না। এক্ষেত্রে অন্যান্য যাত্রীরা বলেন, তারা সব সময় বুঝতে পারেননা কোনো নারী গর্ভবতী কি না? এদিকে আবার নতুন এই সেবাটি চালু হওয়ায় অনেক গর্ভবতী নারীই ব্যাপারটিকে অস্বস্তিকর মনে করছেন কারণ এর মাধ্যমে তাদেরকে আলাদা নজর দেওয়া হচ্ছে।

যুক্তরাজ্যে গর্ভবতী নারীদের যাতায়াতের জন্য একটি ফ্রি পিন ব্যাজ দেওয়া হয়ে থাকে। আর ব্যাজটিতে লেখা থাকে “বেবি অন বোর্ড”।

এ বিষয়ে স্কামি মাম্মিস সংস্থার মিস গিবসন বলেন, “দ্য পিংক লাইটের এই সেবাটি একটি সাধারণ সমস্যার একটু বেশিই জটিল সমাধান। আমি দেখেছি, আমি যখন ‘বেবি অন বোর্ড’ ব্যাজটি পরি তখন বাড়তি নজরের ব্যাপারটি লজ্জাজনক। আমি জানিনা আমি পিংক লাইট ব্যবহার করে ট্রেনে উঠলে আমি কেমন অস্বস্তিবোধ করবো।”