২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল সেবায় বিভ্রাট, ফের চালু

বৃহস্পতিবার হঠাৎ বিভ্রাট দেখা দেয় মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের অ্যাপ স্টোরসহ কয়েকটি সেবায়। তবে, পরে এই বিভ্রাট কাটিয়ে সেবাগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে বলে জানায় প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 08:58 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

রয়টার্স জানিয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১১টা ৫৫ মিনিটে অ্যাপলের মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট থেকে সবগুলো অ্যাপ্লিকেশন আবার ফিরিয়ে আনা হয়েছে বলে দেখানো হয়। এর কয়েক মিনিট পর এই ওয়েব পেইজেই প্রতিষ্ঠানটি বলে, "এই মূহুর্তে আর কোনো অভিযোগ নেই।"

আইক্লাউড আর ফটোস অ্যাপ্লিকেশন সংশ্লিষ্ট সেবাগুলোও আগের অবস্থায় ফিরে এসেছে বলে জানিয়েছে আইফোন নির্মাতারা। 

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকাল ৪টায় এই সমস্যাগুলো পাওয়া শুরু হয় বলে জানায় অ্যাপলের সাপোর্ট পেইজ। আর অ্যাপস্টোরসহ কিছু সেবা বিকাল সাড়ে ৬টার মধ্যেই ফিরিয়ে আনা যায়। তবে, তখনও কিছু সেবা কিছু ব্যবহারকারীদের জন্য ব্যবহার উপযোগী অবস্থায় ছিল না।

অ্যাপলের একজন মুখপাত্র এটা কী ধরনের বিভ্রাট ছিল, তা নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি শুধু অ্যাপলের ওয়েব পেইজের সূত্র ধরে, সব সেবা আবার ফিরে এসেছে এতটুকুই জানান।