২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থিলকে সমর্থন দিচ্ছে ফেইসবুক

সংবাদ সংস্থা 'গকার মিডিয়া'-এর বিপক্ষে সেক্স টেপ মামলায় আর্থিক সহায়তা দেওয়া ফেইসবুক বোর্ড মেম্বার পিটার থিল-কে সমর্থন দিচ্ছে ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 07:23 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত কোড কনফারেন্সে সোশাল মিডিয়াটির এ সিদ্ধান্ত নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির প্রধান অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ।

তিনি বলেন, "পিটার যা করেছেন, তা নিজ থেকেই করেছেন, বোর্ড মেম্বার হিসেবে নয়। আমাদের বোর্ড মেম্বারেরা স্বাধীনভাবে নিজেদের চিন্তাধারা জনসম্মুখে প্রকাশ করে থাকেন। তাদের ভিন্ন চিন্তাধারায় দৃঢ় ও অকুতোভয় মনোবৃত্তির কারণেই ফেইসবুক অসাধারণ কিছু বোর্ড মেম্বার পেয়েছে এবং তা প্রতিষ্ঠানটির জন্য অনেক উপকারে এসেছে।"

বিবিসি জানায়, গকার এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল লিবার্টারিয়ান পার্টির সদস্য ও পেপালের সহপ্রতিষ্ঠাতা ধনকুবের মি. থিল-এর মধ্যে বিবাদের সূত্রপাত ২০০৭ সালে, গকারে "পিটার থিল ইজ টোটালি গে, পিপল" শিরোনামে এক আর্টিকল প্রকাশিত হওয়ার ঘটনায়। পরবর্তীতে গকারের বিরুদ্ধে প্রাক্তন রেসলার হাল্ক হুগানের একটি সেক্স টেপ প্রকাশের মামলায় বাদীপক্ষকে আর্থিক সহায়তা প্রদানের কথা গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমের কাছে স্বীকার করেন মি. থিল। গকারের 'অনাচারের' অন্যান্য 'শিকারদের' খুঁজে বের করে এর বিরুদ্ধে দাঁড়াতে তিনি এই 'জনকল্যাণমূলক' পদক্ষেপ নিয়েছেন বলে তিনি দাবি করেন। এ ছাড়াও নিজেকে 'সংবাদমাধ্যমের রক্ষাকর্তা' হিসেবেও দাবি করেন তিনি।

তবে তার এ ভূমিকা প্রতিহিংসা প্রণোদিত, অযৌক্তিক এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী - এমন মন্তব্য অনেকেরই। অ্যামাজন সিইও এবং ওয়াশিংটন পোস্ট পত্রিকার মালিক জেফ বেজোস এ ঘটনার ভবিষ্যত নিয়ে সন্দেহ প্রকাশ করে মি. থিলের এ ধরনের মানসিকতার সমালোচনা করেন।

গকারের প্রতিষ্ঠাতা নিক ডেনটন এক খোলা চিঠিতে মি. থিলের এ অবস্থান ও ভূমিকার সমালোচনা করেন। চিঠিতে বলা হয়, "ফেইসবুকের একজন বোর্ড মেম্বার হিসেবে কী করে রাজনৈতিক ও সংবাদক্ষেত্রে আপনার ব্যক্তিগত মতামত কর্পোরেট সিদ্ধান্তকে প্রভাবিত করে?"