বিজ্ঞাপনে সমকামীবিমুখ অ্যাপল
কিছু দেশে মা দিবসে অ্যাপলের তৈরি বিজ্ঞাপনে পরিবর্তন এনেছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। মা দিবসের জন্য তৈরি বিজ্ঞাপনচিত্র থেকে সমকামী যুগলকে কেটে বাদ দিয়েছে এই প্রতিষ্ঠান।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, এবার মা দিবসে বিশ্ববাপী অ্যাপল যে বিজ্ঞাপন প্রচার করেছে, কিছু কিছু দেশে সেটির কিছু পরিবর্তন আনা হয়েছে। দেশভেদে বিজ্ঞাপনচিত্রটি হতে সমকামী যুগলের ছবি কেটে বাদ দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে বিজ্ঞাপনটিতে মেলানি এবং ভেনেসা রয় এবং তাদের দুই সন্তান জ্যাক্স ইজো এবং ইরো কিক্সের ছবি দেওয়া হলেও পরবর্তীতে কিছু আন্তর্জাতিক সংস্করণ থেকে সেগুলো বাদ দেওয়া হয়।
অ্যাপলের ওই বিজ্ঞাপনচিত্রে বেশকিছু মানুষের তাদের মায়ের সঙ্গে ছবি ও ভিডিও প্রচার করা হয়। আর বিজ্ঞাপনের শেষে ছোট দু'টি মেসেজ দেওয়া হয়। যার একটিতে লেখা থাকে, "মা" এবং পরেরটিতে "আইফোনে ধারণকৃত" লেখা।
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, অস্ট্রেলিয়া এবং কানাডার সংস্করণে পুরো বিজ্ঞাপনটিই দেখানো হয়। তবে ফ্রান্স, জার্মানী, ইতালি, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং জাপানে বিজ্ঞাপনটি পরিবর্তন করা হয়। যে দেশগুলোতে ওই সমকামী যুগলকে বাদ দেওয়া হয়েছে, সেখানে শুধু ভেনেসা রয় এবং একটি বাচ্চার ভিন্ন ছবি দেখানো হয়েছে বলেও জানানো হয়।
অ্যাপলের নিজস্ব ইউটিউব অ্যাকাউন্টে বিজ্ঞাপনটির দু'টি সংস্করণই প্রচার করা হয়। এর মধ্যে মার্কিন সংস্করণটি মূল অ্যাকাউন্ট থেকে দেখা যাবে। আর অন্যটি নিজ নিজ দেশের স্থানীয় অ্যাকাউন্ট থেকে দেখতে হবে জানানো হয়।
ঠিক কী কারণে বিজ্ঞাপনটিতে পরিবর্তন আনা হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। কিছু দেশের ক্ষেত্রে পরিবর্তিত বিজ্ঞাপনটি উপযুক্ত হলেও ফ্রান্সের মত দেশ, যেখানে অনেক আগে থেকেই সমকামী বিয়ের অনুমোদন রয়েছে, সেখানে বিজ্ঞাপনটি পরিবর্তনের কারণ খুঁজে পাওয়া যায়নি।
এ যাবত সমকামীসহ এলজিবিটি গোষ্ঠীকে পূর্ণ সমর্থনই দিয়েই আসছিল অ্যাপল। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী টিম কুককে 'সমকামী' সম্বোধন করে দৈনিকটি জানিয়েছে, এর আগে ব্যক্তিগতভাবে এক বিবৃতিতে এলজিবিটি মানুষের পক্ষে জোর দিয়ে কথা বলেছিলেন তিনি।
দেশভেদে অ্যাপলের বিজ্ঞাপনে পরিবর্তন আনার ব্যাপারটি এবারই প্রথম নয়। পূর্বেও অ্যাপল ওয়াচের জাপানিজ সংস্করণে পরিবর্তন এনেছিল প্রতিষ্ঠানটি। ওই বিজ্ঞাপনে একজন মানুষের হাতের ট্যাটু মুছে দিয়েছিল এই প্রতিষ্ঠান।
অ্যাপল ছাড়াও এর আগে টয়োটা এবং কোকা-কোলা বেশকিছু দেশে তাদের বিজ্ঞাপনে সমকামী যুগলের ছবি বাদ দিয়েছে বলেও জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।
