এবার হর্ন বাজাবে গুগলের স্বচালিত গাড়ি
সময়ের সঙ্গে স্বচালিত গাড়ির প্রযুক্তিকে আরও সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ করছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। মার্কিন সার্চইঞ্জিন জায়ান্ট গুগলের তৈরি গাড়ি এবার শুধু নিজে নিজে চলাফেরা করতেই পারবে না, সতর্ক করতে হর্নও বাজাতে পারবে এমনটাই জানিয়েছে সিএনএন।
স্বচালিত গাড়ি নিয়ে গুগলের মাসিক প্রতিবেদনে জানানো হয়, পথচারী এবং মানুষ চালকদের সতর্ক করতে ইতোমধ্যেই গুগল তাদের গাড়িকে হর্ন বাজানো শেখাতে শুরু করেছে। দূর্ঘটনা এড়াতে গাড়িগুলোকে বিভিন্ন পরিস্থিতির উপর ভিত্তি করেই হর্ন বাজানো শেখাচ্ছে প্রতিষ্ঠানটি।
ওই প্রতিবেদনে বলা হয়, "আমাদের লক্ষ্য হল, গাড়িগুলোকে মৌসুমী চালকদের মত স্থীরভাবে হর্ন বাজানো শিক্ষা দেওয়া। যেহেতু আমরা হর্ন বাজাতে আরও অভিজ্ঞ, আমরা আশা করি আমাদের গাড়িও বিভিন্ন পরিস্থিতিতে অন্যান্য চালক হর্নের কারণে কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটি অনুমান করতে পারবে।"
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিভিন্নভাবে গাড়িকে হর্ন বাজাতে শেখাচ্ছে গুগল। "যদি কোন গাড়ি ধীর গতিতে পেছনে চলে আমাদের দিকে আসে, তবে সামনের চালককে আমাদের অস্তিত্ব জানাতে আমরা হয়ত দু'টি ছোট হর্ন দেব। আর যদি কোন পরিস্থিতিতে আরও বেশি গুরুত্ব প্রয়োজন হয়, তাহলে আমরা জোড়ে হর্ন বাজাব।", জানিয়েছে গুগল।
অন্যান্য জ্বালানী গাড়িগুলোর মত গুগলের বৈদ্যুতিক গাড়ি কোনো শব্দ করে না বলে কিছু কিছু সময় গাড়িটি নিজে থেকেই স্বল্প আওয়াজে হর্ন দেবে বলেও জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, "নিঃশব্দ সবসময় ভালো নয়। সাইকেল আরোহী এবং পথচারীরা আশপাশের গাড়ির শব্দের উপরই নির্ভর করে। বিশেষ করে রাস্তা পারাপারের সময়।"
গুগলের স্বচালিত গাড়িগুলো ইতোমধ্যেই ১৬ লাখ মাইল যাত্রা সম্পন্ন করেছে। আর প্রতিষ্ঠানের ৫৮ টি গাড়ির বহর প্রতি সপ্তাহে ১০ থেকে ১৫ হাজার মাইল সেলফ-ড্রাইভিং মোডে চলাফেরা করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
