২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগে ফেইসবুকে 'লাইক' পরে বাড়িভাড়া!

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে অধিবাসীদের জন্য নতুন কোনো বাসা ভাড়া নিলে চুক্তিতে আবশ্যক বিষয়গুলোর মধ্যে নাকি নতুন একটি বিষয় যোগ করা হয়েছে। আর তা হচ্ছে নতুন বাসা ভাড়া চুক্তির সময় তাদের অ্যাপার্টমেন্টটি ফেইসবুকে 'লাইক' দিতে হবে এবং 'ফ্রেন্ড' বানাতে হবে, এমনটাই ভাষ্য বিবিসির।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 09:18 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

বিবিসি জানিয়েছে, সল্ট লেইক সিটি এলাকার সিটি পার্ক অ্যাপার্টমেন্টস কমপ্লেক্স-এর বসবাসকারীরা স্থানীয় সংবাদ সংস্থা কেএসএল-কে জানিয়েছেন,  তাদেরকে ফেইসবুকে সিটি পার্ক অ্যাপার্টমেন্টস-কে 'লাইক' দিতে হবে- এমন আবশ্যকতার কথা জানিয়ে তাদের দরজায় একটি নির্দেশনা পাওয়া গেছে।

অবশ্য, পরবর্তীতে এই নির্দেশনা তুলে নেওয়া হয়েছে এবং সিটি পার্ক অ্যাপার্টমেন্ট-এর সমাজ ব্যবস্থাপক ক্ষমা চেয়েছেন।

জেসন রিং নামের একজন অধিবাসী বিবিসি-কে বলেন, "ফেইসবুক-এর বিষয়টা পুরোপুরি ঐচ্ছিক। কাউকে এ ধরনের কিছুতে জোর করার বিষয়টা অনেকটা হাস্যকর।" তবে, বিষয়টি যেভাবে পরিষ্কার হয়েছে তাতে তিনি সন্তুষ্ট বলেও জানান।

এ ঘটনার পর থেকে সিটি পার্ক অ্যাপার্টমেন্টস-এর ফেইসবুক পেইজ সমালোচনামূলক মন্তব্যে ভরে ওঠে। যদিও পরবর্তীতে সেগুলো সরিয়ে ফেলা হয় জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স মালিকদের পক্ষের আইনি প্রতিষ্ঠান কার্ক আ কুলিমোর এলএলসি জানিয়েছে, এই দলিলটি "সঠিকভাবে যাচাই করা হয়নি"।

২০১৫ সালে ফ্লোরিডার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স-এর মালিকরা তাদের অধিবাসীদের একটি 'সামাজিক মাধ্যমবিষয়ক দলিল'-এ সই করতে হবে। ওই দলিলে ফেইসবুক আর ইয়েল্প-এর মতো সাইট নিজেদের অ্যাপার্টমেন্ট নিয়ে কোনো নেতিবাচক রিভিউ দিতে নিষিদ্ধ করা হয়।