কথা বুঝবে ফেইসবুকের এআই
সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ তাদের পোস্টে কী নিয়ে কথা বলছে তা বুঝতে সহায়তা পেতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সফটওয়্যারের সহায়তা নেবে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিপ টেক্সট ইঞ্জিন নামের এই সফটওয়্যার "মানুষের কাছাকাছি নির্ভুলভাবে" টেক্সট বুঝতে পারে। ব্যবহারকারীদের সাইটের বাইরেও বাড়তি কিছু দিতে আর স্প্যাম ও অবাঞ্ছিত মেসেজ শনাক্তে সহায়তা করতে এই এআই সিস্টেম বানানো হয়েছে।
ফেইসবুক মেসেঞ্জার আর কিছু নির্দিষ্ট অনুসন্ধানের ক্ষেত্রে জবাব দিতে এখন ডিপ টেক্সট নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
মেসেঞ্জারে যখন কোনো ব্যবহারকারী ভ্রমণে যাওয়ার প্রস্তুতি নেওয়ার কথা জানাবে, তখন এই সফটওয়্যার রোবট হয়তো তার কোনো ক্যাব লাগবে কিনা তা জিজ্ঞাসা করবে। আবার কেউ যদি কোনো কিছু বিক্রির কথা জানায়, তবে ডিপ টেক্সটভিত্তিক রোবটটি কী বিক্রি করা হবে, তার দাম ইত্যাদি তথ্য সংগ্রহ করবে এবং ব্যবহারকারীকে ফেইসবুকের কেনাবেচাবিষয়ক টুল ব্যবহারের পরামর্শ দেবে। আর তথ্য অনুযায়ী ওই পণ্যের বিজ্ঞাপন যাতে বড় পরিসরে দর্শকদের কাছে পোঁছায় তা নিশ্চিত করতে চেষ্টা করবে এটি।
'ব্রো' আর 'ব্রাদার' এমন দুই শব্দের মাঝে থাকা সম্পর্কও বুঝতে পারবে ডিপ টেক্সট। ভাষাগত এমন দক্ষতা অন্যান্য ভাষা বিশ্লেষণা টুলের নেই বলে জানিয়েছে ফেইসবুক।
সেইসঙ্গে এটি কোনো মজাদার কমেন্ট খুঁজে বের করে আনা, ঝুঁকিপূর্ণ বা অবাঞ্ছিত মেসেজ ও স্প্যাম শনাক্ত করতে পারবে।
ব্যবহারকারীরা কী বেশি পছন্দ করে তার ভিত্তিতে তাদেরকে বিজ্ঞাপন প্রদর্শনের প্রক্রিয়া উন্নত করতেও ডিপ টক্সট ব্যবহারের পরিকল্পনা করছে ফেইসবুক। বর্তমানে এটি সেকেন্ডে কয়েক হাজার পোস্ট বিশ্লেষণ আর ২০টিরও বেশি ভাষা ব্যবস্থাপনা করতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
