২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক হ্যাক নিয়ে জানতে কংগ্রেসের চিঠি

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে আট কোটি ডলারেরও বেশি চুরির ঘটনায় ব্যাংকটির অবস্থান সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চেয়ে চিঠি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 08:31 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

রয়টার্স জানায়, হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ-এর সায়েন্স কমিটির পক্ষ থেকে নিউ ইয়র্ক ফেড প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলির উদ্দেশ্যে মঙ্গলবার পাঠানো এ চিঠিতে ফেব্রুয়ারির ওই সাইবার আক্রমণের ঘটনা সম্পর্কিত 'সব ডকুমেন্ট ও কমিউনিকেশনস', সুইফট ব্যাংকিং নেটওয়ার্ক সম্পর্কে ব্যাংকটির মতামত এবং ওই ঘটনার পর থেকে এ পর্যন্ত ফেড-এর তথ্যপ্রযুক্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে মন্তব্য চাওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের ঘটনার পাশাপাশি ভিয়েতনাম ও ইকুয়েডরের ব্যাংকে সাইবার হামলার ঘটনায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উৎকণ্ঠার ফলেই এসব তথ্য চাওয়া হয়। এ ঘটনাগুলোতে হ্যাকাররা সুইফট সিস্টেম জুড়ে ভুয়া বার্তা ছড়িয়ে দেয়।

কমিটি চেয়ারম্যান ও টেক্সাস রিপাবলিকান ল্যামার স্মিথ-এর সইকৃত এ চিঠিতে বলা হয়, "বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় সাম্প্রতিক উপর্যুপরি সাইবার আক্রমণের ঘটনায় এ কমিটি বিশ্বাস করে, এ ঘটনায় নিউ ইয়র্ক ফেড-এর গৃহীত ব্যবস্থা, সুইফট সম্পর্কে মতামত, তদন্তের অগ্রগতি এবং এ ধরনের দুর্বলতা কাটিয়ে উঠতে প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কিত তথ্য জানা আবশ্যক হয়ে পড়েছে।"

চিঠিতে বলা হয়, ব্যাংকগুলো নিজেদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করলে আরও সাইবার আক্রমণের ঘটনা ধরা পড়বে এবং এতে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমই নিরাপত্তা ঝুঁকির উৎস বলে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞেরা ধারণা করছেন। এ ঘটনায় 'গভীর আশঙ্কা' প্রকাশ করা হয় চিঠিতে।

জুনের ১৪ তারিখের মধ্যেই নিউ ইয়র্ক ফেড-এর কাছে এ চিঠির জবাব চাওয়া হয়।

নিউ ইয়র্ক ফেড-এর পক্ষে একজন মুখপাত্র জানান, এ আবেদনে তারা সাড়া দিতে ইচ্ছুক। তবে বাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনায় কোনো দায় নিতে ব্যাংকটি বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছে।

এর আগে সিনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটি-এর প্রধান ডেমোক্রেট টম হার্পার এবং নিউ ইয়র্ক ডেমোক্রেট প্রতিনিধি ক্যারোলিন ম্যালোনি একই ধরনের তথ্য চেয়ে আবেদন জানান। এ ছাড়াও সুইফট কয়েকটি আক্রমণের ঘটনার কথা উল্লেখ করে এ ব্যবস্থানির্ভর ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আহ্বান জানায়।