ড্রোন নিয়ন্ত্রণে নতুন পদ্ধতি
ছোট ড্রোনগুলোর সিগন্যাল আটকে দিতে সক্ষম একটি ব্যবস্থা বানিয়েছে যুক্তরাজ্য। এবার ওই ব্যবস্থা নিয়ে পরীক্ষা চালাতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এভিয়েশন কর্তৃপক্ষ।
এয়ারপোর্টের কাছে ছোট, মনুষ্যবিহীন এই আকাশযানগুলো নিয়ন্ত্রণ ও শনাক্ত করতে প্রযুক্তি আনার চেষ্টা বাড়াচ্ছে মার্কিন সরকারি সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
বিবিসি জানিয়েছে, এন্টারপ্রাইজ কন্ট্রোল সিস্টেমস, ব্লাইটার সারভেইলেন্স সিস্টেমস আর চেস ডাইনামিকস- এই তিন ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যান্টি-ইউএভি সিস্টেমস (অডস) নামের পদ্ধতিটি বানিয়েছে। এটি ড্রোনের সিগনাল আটকে দিয়ে সেগুলোকে সংবেদনহীন বানিয়ে দেয়।
এতে একটি থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা উচ্চ ক্ষমতাসম্পন্ন রেডিও সিগনালের মাধ্যমে অনাকাংক্ষিত ড্রোন চিহ্নিত করার সুযোগ দেবে।
এফএএ-এর একজন জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক গিবসন বলেন, "মাঝেমধ্যে মানুষ বিপজ্জনকভাবে ড্রোন চালায়।"
এফএএ-এর নির্ধারণ করা কয়েকটি এয়ারপোর্টে এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালানো হবে। এই প্রকল্পে গ্রিফন সেন্সরস এলএলসি আর সেনসোফিউশন নামের দুটি মার্কিন প্রতিষ্ঠানও অংশ নেবে।
