'হেইট স্পিচ'-এর বিরুদ্ধে চার প্রযুক্তি প্রতিষ্ঠান
অনলাইনে 'হেইট স্পিচ' বা ঘৃণামূলক বক্তব্য প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছে নেতৃস্থানীয় চার প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট, ইউটিউব, ফেইসবুক এবং টুইটার।
সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক আকারে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে পড়া ঠেকাতে ইইউ-এর সাম্প্রতিক নীতিমালা অনুসারে এ সিদ্ধান্তে এসেছে প্রতিষ্ঠানগুলো।
এ ছাড়াও এ ধরনের বিষয়বস্তু নজরদারিতে রাখতে কাজ করছে এমন দলগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং পোস্টকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যবহারকারীদের উৎসাহিত করবে প্রতিষ্ঠানগুলো।
বিবিসি জানায়, এই নীতিমালা অনুসারে প্রতিষ্ঠানগুলো অনলাইনে বেআইনি ও প্রতিহিংসামূলক বিষয়বস্তু ছড়িয়ে পড়া ঠেকাতে এবং ব্যবহারকারীদের গ্রহণযোগ্য আচরণ সম্পর্কিত 'শিক্ষা দিতে' আরও সক্রিয়ভাবে জোর প্রচেষ্টা চালাবে। এ ছাড়াও এ প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে এ ধরনের বিষয়বস্তু খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীরা যাতে তাদের অবহিত করতে পারেন, এজন্য নিজেদের নোটিফিকেশন ব্যবস্থায় পরিবর্তন আনতে বাধ্য থাকবে।
এসব নীতিমালা কতোটা ফলপ্রসূ হচ্ছে তা নজরদারিতে রাখতে এ কমিশন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত আলোচনায় বসবে।
বেলজিয়ামের আলচিত সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকেই অনলাইনে প্রতিহিংসামূলক আচরণ ঠেকানো অতি জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন ইইউ-এর 'ইউরোপিয়ান কমিশনার ফর জাস্টিস' পদে নিয়োজিত ভেরা জউরোভা।
তিনি আরও বলেন, ইন্টারনেটে বাকস্বাধীনতা সুরক্ষিত রাখতে এ ঘটনা "গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ"।
এক বিবৃতিতে তিনি বলেন, "দূর্ভাগ্যজনকভাবে সামাজিক মাধ্যমগুলো এমন মাধ্যমগুলোর মধ্যে একটি, যা ব্যবহার করে সন্ত্রাসী দলগুলো তরুণ সমাজকে প্রভাবিত করে, আর সাম্প্রদায়িকেরা প্রতিহিংসা আর ঘৃণা ছড়িয়ে বেড়ায়।" এ ছাড়াও অনলাইনে ছড়িয়ে পড়া এসব 'হেইট স্পিচ' ও 'জেনোফোবিয়া' (আগন্তুকদের সম্পর্কে অহেতুক ভয়) ধৈর্যশীল ও বৈষম্যবিরোধী ব্যবহারকারীদের ওপরও "ভয়াবহ প্রভাব" ফেলছে বলে মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে টুইটারের পাবলিক পলিসি ফর ইউরোপ বিভাগের প্রধান কারেন হোয়াইট জানান, প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে "প্রতিহিংসামূলক আচরণের" কোনোই স্থান নেই। তিনি আরও বলেন, "বাকস্বাধীনতা এবং প্রতিহিংসা ও ঘৃণা উদ্রেককারী আচরণের মধ্যে স্পষ্ট তফাৎ রয়েছে।"
অনলাইনে প্রতিহিংসা ছড়ানো ঠেকাতে এ নীতিমালা ছাড়াও অন্যান্য পদক্ষেপগুলোর মধ্যে অনলাইনে প্রকাশিত তথ্য পর্যালোচনায় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় টুল তৈরি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে এ কমিশনের বরাতে জানায় বিবিসি।
