২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিভিশন স্ক্রিন বানাবে না প্যানাসনিক

টেলিভিশনের স্ক্রিন উৎপাদন বন্ধ করে দেবে প্রযুক্তি পণ্য নির্মাতা জাপানী প্রতিষ্ঠান প্যানাসনিক। এই খাতে মুনাফা অর্জন করতে না পারায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 11:21 AM

Updated : 20 Aug 2022, 12:52 PM

প্যানাসনিক-এর একজন মুখপাত্র জানান, পশ্চিম জাপানে হিমেজি নামের স্থানে টিভি স্ক্রিন নির্মাণের কারখানাটি চলতি বছর সেপ্টেম্বরের শেষের দিকে বন্ধ হয়ে যাবে।

রয়টার্স জানিয়েছে, ২০১৯ সালের মার্চের মধ্যে লাভ অর্জনের দিকে নজর দিতে প্রতিষ্ঠানটি ১০ ট্রিলিয়ন আয়ের লক্ষ্য নির্ধারণের পর, প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিল। ২০১০ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটির টিভি স্ক্রিন উৎপাদনের কারখানা। তবে, এর পণ্য দক্ষিণ কোরীয় এবং চীনা পণ্যের সঙ্গে মূল্য প্রতিদ্বন্দ্বিতার কারণে মুনাফা হাত করতে পারেনি।

প্যানাসনিক জানিয়েছে, টিভি স্ক্রিন বানানো বন্ধ করলেও, হিমেজির কারখানাটি মেডিক্যাল সামগ্রী আর গাড়ির ড্যাশবোর্ডের জন্য স্ক্রিন উৎপাদন বজায় রাখবে। কিন্তু ৩২ ইঞ্চির প্যানেলের ক্ষেত্রে বর্তমান উৎপাদন ৮ লাখ ১০ হাজার ইউনিট থেকে তা এক-চতুর্থাংশ কমে আসবে।

প্যানাসনিক নিজেই তাদের টেলিভিশন সেট নির্মাণে স্ক্রিন উৎপাদনে প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান এলজি-এর প্যানেল ব্যবহার করেছে।

জাপানভিত্তিক ব্যবসায় সংক্রান্ত দৈনিক পত্রিকা নিকাই-এর বরাতে ৩১ মে রয়টার্স জানায়, টোকিও স্টক এক্সচেঞ্জ-এ প্যানাসনিকের শেয়ারমূল্য ৩.৬ শতাংশ বেড়ে যায়। তবে, ১ জুন প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ২.০৪ শতাংশ পড়ে যায়।