২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটের পেটেন্ট কিনল শিয়াওমি

দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান শিয়াওমি-এর কাছে প্রায় দেড় হাজার পেটেন্ট বিক্রি করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 11:19 AM

Updated : 11 Oct 2022, 08:19 PM

রয়টার্স জানিয়েছে, ১ জুন এই চুক্তির গোষণা দেওয়া হয়। এ চুক্তিতে কিছু ক্রস-লাইসেন্সিং ব্যবস্থাপনা থাকছে। সেই সঙ্গে শিয়াওমি তাদের স্মার্টফোন আর ট্যাবলেটে প্রতিষ্ঠানটি অফিস আর স্কাইপসহ কিছু মাইক্রোসফট সফটওয়্যার ইনস্টল করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।

এ চুক্তির ক্ষেত্রে লেনদেনের বিষয়ে কোনো প্রতিষ্ঠানটি কিছু জানাতে রাজি হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

চুক্তির বিষয়ে রয়টার্স-কে টেলিফোনে শিয়াওমি-এর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ওয়েং শিয়াং বলেন, "এই দুই প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি বড় ধরনের সহযোগিতার চুক্তি।"

মাইক্রোসফটের কাছ থেকে কেনা পেটেন্টের মধ্যে ভয়েস কমিউনিকেশনস, মাল্টিমিডিয়া আর ক্লাউড কম্পিউটিংবিষয়ক পেটেন্ট অন্তর্ভূক্ত। 

অন্যদিকে মাইক্রোসফটের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট জোনাথন টিনটার জানান, প্রতিষ্ঠানটি শিয়াওমি'র ডিভাইসে নিজেদের সফটওয়্যারগুলো আগে থেকেই ইনস্টল করে দেওয়ার মাধ্যমে তাদের তরুণ, সমৃদ্ধশালী ও শিক্ষিত ব্যবহারকারীদের টানতে আগ্রহী। তবে, তিনি পেটেন্ট চুক্তি নিয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান। তবে, তিনি বলেন, এটি এমন এক চুক্তি যা "আমরা শুধু আমাদের কিছু কৌশলগত অংশীদারদের সঙ্গেই করি।" 

চলতি বছর মাইক্রোসফট অনেক অ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতাদের সঙ্গে লাইসেন্সিং চুক্তি বাতিল করলেও, চীনা উৎপাদনকারীদের সঙ্গে তা কম হয়েছে বলে ভাষ্য রয়টার্সের।