২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে নাদেলা, শিরোনামে অ্যান্টি-ট্রাস্ট তদন্ত

চীন সফর করলেন মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রধান সাত্যিয়া নাদেলা। অ্যান্টি-ট্রাস্ট আইন রক্ষার বিষয়ে মাইক্রোসফটের উপরে চীনের তদন্তের সময় তিন বছরে পা ফেলতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, নাদেলার এই মুহূর্তে বেইজিংয়ে উপস্থিতি এ বিষয়ে প্রভাব ফেলতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 11:18 AM

Updated : 20 Aug 2022, 12:52 PM

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সংশ্লিষ্ট এক সূত্র জানায়, নাদেলা চীনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে একটি আলোচনায় বসার আশা করছেন।

অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের মতো চীন মাইক্রোসফটকেও ‘২০০৮ অ্যান্টি মনোপলি আইন’-এর আওতাভুক্ত করতে চাচ্ছে। সমালোচকদের ধারণা আইনটির মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি একচোখা নীতি অবলম্বন করা হবে।

পশ্চিমা পণ্যের জায়গায় স্থানীয় পণ্যের বাজার পাকাপোক্ত করতে চাওয়ায় চীনে মার্কিন প্রতিষ্ঠানটির আয়ও চাপের মুখে পড়েছে।

চিনের অ্যান্টি মনোপলি আইনের অন্যতম ব্যবস্থাপক 'স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স (এসএআইসি)' ২০১৪ সালের মধ্যভাগে আইনি কারণ দেখিয়ে মাইক্রোসফটের উপর অভিযান চালিয়েছে।

মাইক্রোসফটের বিবৃতিতে জানানো হয়, তদন্তের বিষয়গুলোর মধ্যে রয়েছে উইন্ডোজ এবং মাইক্রোসফট অফিসের সামঞ্জস্যতা, বান্ডল সেলস এবং ফাইল ভেরিফিকেশনের বিষয়গুলো।

চীনে নাদেলা নতুন নন। ২০১৪ সালের সেপ্টেম্বরে তদন্তের বিষয়ে তিনি চীন সফর করেন। ব্যবস্থাপকদের সঙ্গে আলোচনার সময় নাদেলা প্রতিশ্রুতি দেন তদন্তে তার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা প্রদান করা হবে।

চলতি বছরের জানুয়ারিতে তদন্তের বিষয়টি আবার উঠে আসে। এসএআইসি থেকে ঘোষণা দেওয়া হয় কিছু বিষয়ে তারা মাইক্রোসফটের কাছে ব্যাখ্যা চাইবে।

চীনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন কিনা তা নিয়ে মুখ না খুললেও মাইক্রোসফটের একজন মুখপাত্র জানান, নাদেলার সফরসূচির মধ্যে রয়েছে চীনে 'মাইক্রোসফট ডেভেলপার ডে' তে অংশগ্রহণ করা এবং সিংহুয়া ম্যানেজমেন্ট স্কুল-এর একটি ইভেন্টে যোগ দেওয়া।

নাদেলা সিংহুয়া ইউনিভার্সিটি-এর স্কুল অফ ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট-এর উপদেষ্টা পরিষদের একজন সদস্য। শিক্ষা প্রতিষ্ঠানটির অ্যালামনাইদের মধ্যে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ২০১৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরকালে শি জিনপিংকে সিয়াটলে অবস্থিত মাইক্রোসফট ক্যাম্পাসে আমন্ত্রিত করেছিলেন নাদেলা।

এসএআইসিকে তত্ত্বাবধান করা 'চীনের ইনফরমেশন অফিস অফ স্টেট কাউন্সিল' তদন্তের বিষয়ে কিছু বলতে রাজি হয়নি।

জুনে দেশটিতে এমএসএন-এর কার্যক্রম বন্ধ করে দেওয়ার প্রস্তুতিও নাদেলার আগমনের একটি কারণ। উইন্ডোজ আপগ্রেডের ব্যাপারে জোরাজুরি করায় চীনের স্থানীয় মানুষের কাছেও সমালোচনার স্বীকার হতে হয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্টকে।

এক মাসের মধ্যেই টেক জায়ান্ট অ্যাপলের প্রধান টিম কুকের পর এখন মাইক্রোসফটের প্রধান সাত্যিয়া নাদেলা চীন সফরে আসলেন। মে মাসের মধ্যভাগে টিম কুকের চীনে আসার উদ্দেশ্য ছিল চীনে তাদের পণ্যের বাজার বাড়ানো নিয়ে আলোচনা করা। চলতি মাসের ১৭ মে কুক চিনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।