ষাটোর্ধ্বদের সহায়তায় আসুসের রোবট
মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী বাড়ছে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা। আমেরিকা মেরিল লিঞ্চ রিসার্চ-এর এক গবেষণা অনুযায়ী, ২০৫০ সালে বিশ্বে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২০০ কোটিতে, যা এর এখনকার সংখ্যার দ্বিগুণ। আর বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এ বিশাল সংখ্যক নির্ভরশীল মানুষের উপর সার্বক্ষণিক নজর রাখা অনেকটাই কঠিন। আর এ সমস্যা সমাধানে তাইওয়ানিজ প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস নিয়ে এল হোম অ্যাসিস্ট্যান্ট রোবট জেনবো।
সিএনএন জানায়, কিছুটা উপবৃত্তাকৃতির ছোটখাটো শিশু আকারের এ রোবটটি চাকায় ভর করে চলাচল করে। এটি ইন্টারনেট ব্রাউজ করা, বাচ্চাদের বই পড়ে শোনানো এবং গান ও ভিডিও চালাতেও সক্ষম। অন্যান্য স্মার্ট অ্যাসিস্ট্যান্টগুলোর মতোই ব্যবহারকারীদের ওষুধের সময়সূচী ও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করিয়ে দেওয়া ছাড়াও বয়স্ক সদস্যদের যেকোনো দূর্ঘটনার ক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যদের কাছে ইমার্জেন্সি মেসেজ ও ভিডিও বার্তা পাঠাবে। এ ছাড়াও স্পিচ কমান্ডে সাড়া দিয়ে শিশুদের মনোরঞ্জন করবে এটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "জেনবো বানানো হয়েছে সবার জন্যই। তবে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তাদের কানেক্টেড ডিজিটাল জীবনযাপন করতে সহায়তায় বিশেষ কিছু সুবিধা রয়েছে এতে।"
অবশ্য আসুস জেনবো এখনও পর্যন্ত বিক্রির জন্য বাজারে ছাড়া হয়নি। বর্তমানে এর সফটওয়্যার প্রোগ্রাম বানানোর জন্য সফটওয়্যার নির্মাতা খুঁজছে প্রতিষ্ঠানটি।
রোবটটির আকার, দাম এবং বাজারে আসার সময়সূচী প্রসঙ্গে আসুসের কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হলেও তাতে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি। তবে বিভিন্ন সূত্রের বরাতে সিএনএন জানায়, রোবটটির দাম ছয়শ' ডলার রাখা হতে পারে।
