"বড় স্বপ্ন দেখা আর বড় কিছু সৃষ্টি করা গুরুত্বপূর্ণ।"
ভারতের প্রতিটি নাগরিক আর প্রতিষ্ঠানকে কাজের সুযোগ দিতে নজর দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এর মাধ্যমে তারা প্রত্যাশার চেয়েও ভালো কাজ করতে পারবে এবং নিজের ও দেশের জন্য আরও সাফল্য অর্জন করতে পারবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির প্রধান ভারতীয় বংশোদ্ভূত সাত্যিয়া নাদেলা।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, ৩০ মে ভারতের রাজধানী নয়া দিল্লি-তে মাইক্রোসফট ডেভেলাপার, উদ্যোক্তা আর শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে নাদেলা বলেন, "আমি যতবার এখানে আসি, আমি আরও কর্মশক্তি নিয়ে ফিরে যাই। এখানকার সৃজনশীলতা দেখাটা সংক্রামক। বড় স্বপ্ন দেখা আর বড় কিছু সৃষ্টি করা গুরুত্বপূর্ণ।"
বৈঠকে ঊনবিংশ শতাব্দীর উর্দু ও ফার্সি ভাষার কবি মির্জা গালিব-এর উক্তি দিয়ে নিজের বক্তব্য শুরু করেন নাদেলা। তিনি বলেন, "আমার শুধু দুটি আসক্তি ছিল যা আমাকে আমার স্বপ্নের দিকে নিয়ে গেছে -- কবিতা আর কম্পিউটার বিজ্ঞান।"
অনুষ্ঠানে উপস্থিত ভারতের অর্থমন্ত্রী জয়ন্ত সিনহা বলেন, "ভারতের প্রবৃদ্ধির জন্য মাইক্রোসফট একটি প্ল্যাটফর্ম।" নাদেলা'র উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা সিয়াটল, লন্ডন, নিউ ইয়র্ক আর অন্যান্য জায়গায় যেসব উদ্ভাবনী কাজ করছেন তা হাজারিবাগের ঝান্ডা চক-এ (নিজের নির্বাচনী এলাকা) কাজ করবে না। ভারতে আমাদের ভারতের জন্য উদ্ভাবন করতে হবে।"
