২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশের জন্য ডাইমলার-এর তিনশ' কোটি ইউরো

পরিবেশ দূষণ কমাতে তিনশ' কোটি ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে জার্মান মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ডাইমলার। মার্সেডিজ-বেঞ্জের কিছু যাত্রীবাহী গাড়িতেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে দূষণ কমানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2016, 08:01 PM

Updated : 20 Aug 2022, 12:49 PM

রয়টার্স জানিয়েছে, পরিবেশ রক্ষার্থে ডিজেল ব্যবস্থা এবং ইঞ্জিনে পরিবর্তন আনবে ডাইমলার। ইউরোপে চলাচলকারী এর সব ডিজেলচালিত গাড়িকে 'সিলেক্টিভ ক্যাটালিক রিডাকশন প্রযুক্তির আওতায় আনা এবং তেল চালিত ইঞ্জিনের জন্য 'পারটিকুলেট ফিল্টার' নিয়ে আসার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

ডাইমলার জানিয়েছে, নতুন এই ইঞ্জিন প্রযুক্তির মধ্যে পড়ে টার্বো চার্জিংয়ের অপটিমাইজেশন, জ্বালানী প্রয়োগ ব্যবস্থার পরিবর্তন এবং উন্নত শীতলীকরণ প্রক্রিয়া। একইসঙ্গে প্রতিষ্ঠানটি নতুন ধরনের এক উপাদান ব্যবহার করছে যা ঠাণ্ডা আবহাওয়ায় গ্যাস সংবহন পদ্ধতিকে উন্নত করবে।

ডাইমলারের বোর্ড অফ ম্যানেজমেন্ট-এর সদস্য প্রফেসর ডক্টর টমাস ওয়েবার বলেন, "আমাদের গ্রাহকের আস্থা আমাদের জন্য গুরুত্বপূর্ণ; একই সঙ্গে পরিবেশের প্রতিও আমরা দায়বদ্ধতা অস্বীকার করতে পারি না। এ জন্যেই আমরা ডিজেল প্রযুক্তির উন্নয়নের জন্য পাঁচ বছর আগে বিপুল অর্থ বিনিয়োগ করেছিলাম। আমরা চেষ্টা করেছি আমাদের তেলচালিত ইঞ্জিনগুলোকে আরও কার্যকর এবং পরিবেশবান্ধব করার।" বিদ্যুৎচালিত যানের ব্যাপক প্রসার ঘটার আগ পর্যন্ত উচ্চ প্রযুক্তির দহন ইঞ্জিনগুলোই ব্যক্তিগত পরিবহন ক্ষেত্রে মেরুদণ্ড হয়ে থাকবে বলে মত দেন তিনি।

এই তিনশ' কোটি ইউরোর মধ্যে প্রতিষ্ঠানটির ফেব্রুয়ারিতে ঘোষিত ২৬০ কোটি ইউরো রয়েছে।