২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ান্টাম স্যাটেলাইট উৎক্ষেপণ করছে চীন

মহাকাশ গবেষণায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে চীন। তারই ধারাবাহিকতায় এবার বিশ্বের প্রথম কোয়ান্টাম যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে এশিয়ান দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2016, 07:49 PM

Updated : 20 Aug 2022, 12:49 PM

ভারতীয় দৈনিক দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, চলতি বছরের জুলাইয়ে স্যাটেলাইটটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করবে চীন। চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্স (সিএএস)-এর দেওয়া তথ্যমতে, কোয়ান্টাম স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করা হলে সেটি ভাঙ্গা সম্ভব নয়। তাই নিরাপদ যোগাযোগের জন্য স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে যাচ্ছে চীন।

স্যাটেলাইটটি নিয়ে দেশটির ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোজি অফ চায়নার অধ্যাপক প্যান জিয়ানওয়েই বলেন, “এটিই হবে স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের প্রথম কোয়ান্টাম যোগাযোগ মাধ্যম।”

কোয়ান্টাম যোগাযোগের ক্ষেত্রে উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করে বলে জানানো হয়। এটি যোগাযোগের জন্য যে কোয়ান্টাম ফোটন ব্যবহার করে সেটি ভাঙ্গা বা নকল করা সম্ভব নয়। “এর মাধ্যমে যোগাযোগ করা হলে সেটি আটকানো, ভাঙ্গা বা রুদ্ধ করা সম্ভব নয়।”, বলেন প্যান।

এই কোয়ান্টাম যোগাযোগ স্থাপনের জন্য ভূমিতে চারটি স্টেশন তৈরি করবে সিএএস। এ ছাড়াও মহাকাশে একটি পরীক্ষামূলক কোয়ান্টাম টেলিপোর্টেশন স্টেশন তৈরি করবে সংস্থাটি। পরীক্ষা সফল হলে স্যাটেলাইটটি হাজার কিলোমিটার দূর থেকে ক্রমাগত ভূমিতে অবস্থিত দুটি ঘাঁটিতে কোয়ান্টাম যোগাযোগ স্থাপন করবে বলে জানিয়েছে, দেশটির সংস্থা জিনহুয়া।

প্রথম কোয়ান্টাম স্যটেলাইটটি তৈরি করতে চীনা বিজ্ঞানীরা সময় নিয়েছেন পাঁচ বছর। এ বছর জুনে এটি জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারে স্থানান্তর করা হবে, জানিয়েছে সিএএস।