২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোন অ্যাপে রোবট নিয়ন্ত্রণের কর্মশালা

স্মার্টফোন ইন্টারফেইসে দেখানো হচ্ছে বাটন, সেই বাটন চেপে করা হচ্ছে রোবট-এর নানা গতিবিধি নিয়ন্ত্রণ। অ্যাপের মাধ্যমে কেউ কেউ খুব মজায় নিজের রোবট নিয়ন্ত্রণ করছেন, কেউ বা পড়ছেন ঝামেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2016, 07:42 PM

Updated : 11 Oct 2022, 08:17 PM

অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে রোবট নিয়ন্ত্রণ করার কৌশল নিয়ে কর্মশালা করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটি (রোবু)। ২৮ মে দিনব্যাপী কর্মশালায় দেখানো হয় অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে কীভাবে রোবট নিয়ন্ত্রণ করা যায়।

কর্মশালায় মূলত অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে একটি তিন চাকা বিশিষ্ট ক্ষুদে রোবট গাড়ির চলাচল নিয়ন্ত্রণের বিষয় শেখানো হয়। প্রোগ্রামিং থেকে শুরু করে ক্ষুদ্র ইলেক্ট্রনিক যন্ত্রাংশ জোড়া লাগানোর বিষয়ে হাতে কলমে দেখানো হয়। প্রাথমিক রোবটটি তৈরি করতে যেসব যন্ত্রাংশ লেগেছে তা হল, একটি আরডুইনো বোর্ড, রোবটিক গাড়ির চেসিস, লিথিয়াম আয়ন ব্যাটারি, ব্লুটুথ মডিউল, মোটর, মোটর ড্রাইভার এবং আর অ্যান্ড্রয়েড স্মার্টফোন।

ক্লাবের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, "এই ইভেন্টের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা একাধারে স্মার্টফোন অ্যাপটি তৈরি করা থেকে শুরু করে আরডুইনো প্রোগ্রামিং এবং রোবটে ব্যবহৃত ইলেকট্রনিক্সের ব্যাপারে শিখতে পারছে।" তিনি জানান, প্রাথমিক পর্যায়ে কেবল একটি গাড়ির নিয়ন্ত্রণ শিখলেও ভবিষ্যতে তারা অনেক ক্ষেত্রে এই জ্ঞান প্রয়োগ করতে পারবে। অ্যান্ড্রয়েড ডিভাইস এবং আরডুইনোর মাধ্যমে ঘরের ইলেক্ট্রনিক্স পণ্য যেমন টেলিভিশন চালু বা বন্ধ করাসহ বড়সড় কোনো রোবটিক্স প্রকল্পে নিয়ন্ত্রণের অংশে কাজে আসবে এই জ্ঞান।

অংশগ্রহণকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে কাজ করছিলেন। প্রাথমিক ডিভাইসগুলো গাড়ির চেসিসের সঙ্গে জুড়ে দেওয়ার মাধ্যমে কাজ শুরু হয়। আরডুইনোর সঙ্গে ব্লুটুথ মডিউল এবং মোটরড্রাইভার সার্কিটের সংযোগ দেওয়া হয়। মোটরড্রাইভার সার্কিটের সঙ্গে থাকে ডিসি মোটর। আরডুইনো এবং মোটরড্রাইভার উভয়কেই শক্তি যোগায় একটি ১২ ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। এরপরে প্রোগামিংয়ের জন্য আরডুইনো কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করা হয়। প্রশিক্ষকরা প্রথমে কোডিংয়ের জন্য একটি সাধারণ কোড সরবরাহ করেন, যা বিভিন্নভাবে কেটেছেঁটে এবং দরকারে নতুন কোড লিখে নিজেদের ডিভাইসের উপযোগী করে তোলেন অংশগ্রহণকারীরা। প্রথমে অধিকাংশ শিক্ষার্থীই ভুল করে ভিন্ন পথে হাঁটতে শুরু করে তবে প্রশিক্ষকদের সহায়তায় সবাই নিজেদের রোবট সম্পূর্ণ করতে সক্ষম হয়।

এক ফাঁকে কথা হয় কর্মশালায় অংশগ্রহণকারী কয়েকজনের সঙ্গে। কাজ শেষে অংশগ্রহণকারী ফারিহা সাজিদের দল থেকে দেখানো হয় কীভাবে অ্যান্ড্রয়েড থেকে রোবট নিয়ন্ত্রিত হচ্ছে। অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে প্রথমে গাড়িতে ব্লুটুথ সংযোগ প্রদান করেন ফারিহা। এরপর অ্যাপে থাকা নিয়ন্ত্রক বাটন প্রেস করে রোবটটিকে বিভিন্ন দিকে চালান তিনি। অ্যাপের ইন্টারফেইসে চারটি বাটন দেখিয়ে তিনি জানান, একেকটি বাটন রোবটটিকে একেক দিকে নিয়ে যাওয়ার জন্যে প্রেস করতে হয়। ফারিহা বলেন, "সাধারণভাবে রোবট নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটারের মাধ্যমে, কিন্তু স্মার্টফোনে কাজটি করা গেলে তা অনেক ক্ষেত্রে সুবিধাজনক হয়।"

অন্যদিকে রোবট চলার সময় বেশ সমস্যায় পড়েন আরেক অংশগ্রহণকারী মাশরুর খানের দল। মোটরের আরপিএম বা ঘূর্ণনমান ঠিক করতে না পারায় পথ চলতে ভুল করছিল তার রোবটটি। মাশরুরের মতে মোটর ড্রাইভারের ক্ষেত্রে বহুল ব্যবহৃত এল২৯৮এন ড্রাইভারের বদলে এল২৯৩ডি মোটরের ব্যবহারই সব সমস্যার মূল। তিনি জানান, রোবট তৈরি করতে গিয়ে সার্কিট পুড়ে যাওয়ার মতো ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে তার দলকে। তবে প্রশিক্ষকদের সহযোগিতায় শেষ রক্ষা হয় তার এবং সফলভাবেই স্মার্টফোনের নির্দেশনা অনুযায়ী তার গাড়ির চাকা পথে গড়ায়।

ক্লাবের প্রেসিডেন্ট বিএম আবির জানান, অ্যান্ড্রয়েডের মাধ্যমে রোবট নিয়ন্ত্রণের ব্যাপারটি রোবটিক্সে নতুনদের উৎসাহী করবে। ভবিষ্যতে রোবু অ্যান্ড্রয়েড-আরডুইনোর পাশাপাশি রোবটিক্সে ব্যবহৃত অন্যান্য ডিভাইস যেমন রাস্পবেরি পাই-এর সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে কর্মশালার আয়োজন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে এই ক্লাব 'বেসিক রোবটিক্স কোর্স' নামের একটি কর্মশালার আয়োজন করে, যার ধারাবাহিকতায় পালন করা হয় স্মার্টফোন দিয়ে রোবট নিয়ন্ত্রণের কর্মশালাটি। সাইফুর রহমান জানান, চলতি বছরের অগাস্টের শেষে সবার জন্য উন্মুক্ত আরও একটি কর্মশালার আয়োজন করতে পারে ক্লাবটি।