ম্যান্ডোর সঙ্গে জোট বাঁধছে টেসলা
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তাদের নতুন 'মডেল ৩' গাড়ির যন্ত্রাংশ সরবরাহের জন্য দক্ষিণ কোরিয়ান যন্ত্রাংশ প্রস্তুতকারী ম্যান্ডো কর্পোরেশনের সঙ্গে জোট বাঁধতে যাচ্ছে। সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে দক্ষিণ কোরিয়ান নির্মাতাদের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন এই প্রতিষ্ঠানটি।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ম্যান্ডো নামের প্রতিষ্ঠানটি গাড়ির স্টিয়ারিং, ব্রেক এবং সাসপেনশন তৈরির কাজ করে। বর্তমানে টেসলা মডেল এস-এ ব্যবহৃত স্টিয়ারিং র্যাক এই প্রতিষ্ঠানেরই তৈরি। স্বচালিত গাড়ির প্রযুক্তি এবং এর যন্ত্রাংশ প্রস্তুত করার জন্য ম্যান্ডোকেই বেছে নিয়েছে টেসলা। আর এ কারণেই বর্তমানে শেয়ার বাজারে ম্যান্ডোর দাম বাড়ছে বলেও জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় যে, ম্যান্ডো টেসলার তুলনামূলক সাশ্রয়ী মডেল ৩-এর জন্য যন্ত্রাংশ সরবরাহ করবে। তবে, তাৎক্ষণিকভাবে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ প্রসঙ্গে স্যান ফ্রানসিসকো-তে টেসলার এক মুখপাত্র বলেন, "গুজব সত্য নয়। ম্যান্ডো টেসলার মডেল এস গাড়ির জন্য স্টিয়ারিং র্যাক সরবরাহ করলেও স্বচালিত গাড়ির প্রযুক্তির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।"
মার্কিন যুক্তরাষ্ট্রে হিউন্দাই, জেনারেল মোটর্স এবং ক্রাইসলারের মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে যন্ত্রাংশ সরবরাহ করতে জর্জিয়া এবং অ্যালাবামাতে নিজস্ব কারখানা রয়েছে ম্যান্ডোর। ২০২০ সালের মধ্যে পরবর্তী-প্রজন্মের পণ্য থেকেই অর্ধেক আয় নিশ্চিত করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। বর্তমানে হিউন্দাই-এর জেনেসিস জি৯০ মডেলের বিলাসবহুল গাড়ির আধা-স্বয়ংক্রিয় চালক সহায়ক প্রযুক্তি নিয়ে কাজ করেছে ম্যন্ডো।
স্যামসাং সিকিউরিটিজের বিশ্লেষক ইম ইউন ইয়াং বলেন, "জাপানের প্রতিযোগিদের চেয়ে সাশ্রয়ী হওয়ায় দক্ষিণ কোরিয়ার যন্ত্রাংশ প্রস্তুতকারীদের ব্যাপারে বেশি আগ্রহী টেসলা।" মডেল ৩ গাড়িতে দক্ষিণ কোরিয়ার অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এলজির ডিসপ্লে এবং হ্যানকুক টায়ার ব্যবহৃত হবে বলেও জানানো হয়।
টেসলা মডেল ৩-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার মার্কিন ডলার, যা মডেল এস-এর প্রায় অর্ধেক। ইতোমধ্যেই ৩৭৩০০০ অর্ডার পাওয়া মডেল ৩, ২০১৭ সালের শেষদিকে ক্রেতার কাছে পৌঁছাবে বলে জানানো হয়েছে।
