ট্রাম্প-এ অখুশী, ট্রাম্প-এই বিশ্বাস
যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সিসকো’-এর নির্বাহী চেয়ারম্যান জন চেম্বার্স মনে করছেন ডোনাল্ড ট্রাম্প-ই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। যদিও অনেক বছর ধরে রিপাবলিকানকে সমর্থন করা চেম্বার্স তার এই বিশ্বাসের কথা বলার সময় খুব একটা খুশি ছিলেন না।
চেম্বার্স রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী জন কেসিককে সমর্থন করতেন বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার। কিন্তু চলতি বছর মে মাসের প্রথম দিকে ওহাইও-এর গভর্নর জন কেসিক মননোয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। প্রাইমারিতে কেবল নিজের রাজ্যেই জেতা সাবেক সিনেটর কেসিক অন্য দুই প্রতিদ্বন্দ্বী ট্রাম্প ও ক্রুজ থেকে অনেক পিছিয়ে ছিলেন। এর ফলেই তিনি এ সিদ্ধান্ত নেন।
চেম্বার্স সবসময়ই রিপাবলিকানদের পক্ষেই কথা বলেছেন কিন্তু তিনি কখনই গ্র্যান্ড ওল্ড পার্টি (জিওপি)-এর সঙ্গে যুক্ত হতে পারেননি। কয়েক মাস আগে তিনি কৌতুক করে বলেছিলেন, “আমি একজন মধ্যপন্থী ধরনের রিপাবলিকান- একটি বিপন্ন প্রজাতি।”
এ খবর প্রকাশের আগের বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত ব্লুমবার্গ-এর ব্রেকওয়ে সামিট কনফারেন্স-এ তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে তার অনুমান সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি চেয়েছিলাম কেসিক হোক। আপনাকে যদি বর্তমান গতির উপর বাজি ধরতে হয়, তবে নিঃসঙ্কোচে এটি ট্রাম্পই হবে। এটি যারা নেতৃত্ব প্রতিষ্ঠা চাচ্ছে না, ওই উভয় দলেরই কথা বলে। তবে, এটি হয়তো আমেরিকার জন্য সর্বোত্তম জবাব নয়।”
এটি ট্রাম্পের জন্য তার পক্ষ থেকে অনুমোদন বা ভোটের অঙ্গীকার ছিল না। বরং তার মন্তব্যটি অনেকটা 'ইস্তফা' দেওয়ার মতোই শোনাচ্ছিল বলে জানায় সাইটটি।
তারপর চেম্বার্স পুরো ব্যাপারটিকে নেতৃত্বের ক্ষেত্রে একটি শিক্ষা হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে, যখন কঠিন পরিস্থিতি চলতে থাকে তখন কীভাবে কোনো কাজ সামনে এগিয়ে নিয়ে যেতে হয় এ সম্পর্কে শিক্ষা পাওয়া যায়।
