সস্তায় শিয়াওমি ড্রোন, টার্গেট ডিজেআই
শীর্ষস্থানীয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআইকে টেক্কা দিতেই তুলানামূলক কম দামে ড্রোন উন্মোচন করেছে চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমি। প্রতিষ্ঠানের তৈরি এমআই ড্রোন বাজারে অপর চাইনিজ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই-এর আধিপত্য কমাবে বলে ধারণা করছেন এর নির্মাতারা।
বিবিসি জানিয়েছে, শিয়াওমির তৈরি এই ড্রোন অনেকটাই ডিজেআই ফ্যান্টম ৩ এর মত ক্ষমতাসম্পন্ন। একবার পরিপূর্ণ চার্জে ড্রোনটি প্রায় আধা ঘন্টা উড়তে পারে। আর ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে হাই রেজুলিউশান ক্যামেরা, যেটি গ্রাহক তার পছন্দমত বাছাই করে নিতে পারবেন।
দামে সস্তা হওয়ায় শিয়াওমির এই ড্রোন ডিজেআই-এর ব্যবসার জন্য হুমকি হতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের চীনা প্রধান সম্পাদক রিচার্ড লাই বিবিসিকে বলেন, "এম আই ড্রোন এবং ফ্যান্টম ৩ এর ফিচারগুলো অনেকটাই একরকম। কিন্তু শিয়াওমির দাম তুলনামূলকভাবে এতটাই কম যে, আপনি আশ্চর্য হবেন তারা ভালো লাভ করতে পারবে কিনা।"
শিয়াওমির এই ড্রোনটি প্রাথমিক পর্যায়ের ড্রোন ব্যবহারকারীদের আকৃষ্ট করবেন বলেও মনে করেন তিনি। তবে, ডিজেআই-এর মতো গ্রাহকের বিশ্বাস অর্জন করতে শিয়াওমির আর কিছুটা সময় লাগবে।
২০১৫ সালে ১০ কোটি স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা থাকলেও ৭ কোটি ১০ লাখ বিক্রি করতে পেরেছে শিয়াওমি। নিজেদের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় এবার ড্রোন ব্যবসায় মনযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। "শিয়াওমির মূল ব্যবসা স্মার্টফোন বিক্রিতে ধীর গতির কারণে প্রতিষ্ঠানটি ফিটনেস ব্যান্ড, রাইস কুকার এবং এখন ড্রোনের মত নতুন দ্রুত বর্ধনশীল বাজারের দিকে এগোচ্ছে।", বলেন স্ট্রাটেজি অ্যানালিটিকসের বিশেষজ্ঞ নিল ম্যাস্টন।
দুইটি ভিন্ন মডেলে এমআই ড্রোনটি বাজারে ছাড়বে শিয়াওমি। এক কিলোমিটার রেঞ্জ ও ১০৮০পি রেজুলিউশান ক্যমেরার মডেলের দাম ধরা হয়েছে ২৪৯৯ ইউয়ান এবং দুই কিলোমিটার রেঞ্জ এবং ৪কে ক্যমেরার মডেলটির মূল্য ২৯৯৯ ইউয়ান। এক্ষেত্রে ডিজেআই-এর ৪কে ক্যামেরা সম্বলিত ফ্যান্টম ৩ এর রেঞ্জ ১.২ কিলোমিটার এবং মূল্য ৪৯৯৯ ইউয়ান।
ড্রোনের বাজারে এই প্রতিযোগিতাকে সাধুবাদই জানিয়েছে ডিজেআই। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, "প্রতিটি প্রতিষ্ঠানই এই খাতে নিজেদের প্রযুক্তিকে উন্নত করছে। তাই প্রতিযোগিতা আরও বাড়বে এবং ডিজেআই বাজারের শীর্ষত্ব ধরে রাখতে সংগ্রাম করতেই থাকবে।"
