২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রান্নাঘর হয়ে যাক স্মার্ট

আমাদের দৈনন্দিন জীবন ক্রমাগত সাইন্স ফিকশন সিনেমাগুলোর মত হয়ে যাচ্ছে। একসময় রোবটিক ভ্যাকুয়াম ক্লিনার ছিল শুধুই কল্পনা আজ তা কাজের একটি যন্ত্র বৈ কিছু নয়। আমাদের পকেটে পড়ে থাকা স্মার্টফোনগুলো মুহূর্তে শতশত ভাষা অনুবাদ করে দিতে পারে। ভবিষ্যৎ আমাদের দিকে দ্রুত থেকে দ্রুততর গতিতেই এগিয়ে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2016, 08:27 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

যদিও গৃহস্থলির কাজের জন্য এখনো রোবট প্রচলিত হয় নি, কিছু স্মার্ট ডিভাইস ব্যবহার করে আমরাই ভবিষ্যতের এক ধাপ দিকে এগিয়ে যেতে পারি। রান্নাঘরকে গৃহস্থলিসংক্রান্ত প্রযুক্তি ব্যবহারের মধ্যমণি ধরে নিয়ে একের পর এক ডিভাইস নিয়ে আসছেন উদ্ভাবকরা। রান্নার কাজকে আরো সহজ করতে বিজনেস ইনসাইডার স্মার্টডিভাইসের একটি তালিকা তৈরি করেছে। এই ডিভাইসগুলো বর্তমানের রান্নাঘর থেকে ভবিষ্যতের রান্নাঘরে যাওয়ার একটি ধাপ হতে পারে।

স্মার্ট স্কেল

'দ্য ড্রপ স্মার্টস্কেল' হল রান্নাঘরের জন্য তৈরি করা সেরা প্রযুক্তিগুলোর মধ্যে একটি। অ্যাপের মাধ্যমে এই প্রযুক্তি আপনাকে বিভিন্ন রকম রান্নার রেসিপি ধাপে ধাপে বর্ণনা করে যাবে।

যেতে হবে না মাপামাপির ঝামেলার মধ্যে। রান্নায় আটা, চিনি কিংবা মরিচ যোগ করার সময় অ্যাপ বলে দেবে কখন কি পরিমানে দিতে হবে। স্মার্টস্কেল একদিকে রান্না যেমন সহজ করে তেমনি প্রচুর সময় বাঁচিয়ে দিতেও সক্ষম।

ট্যাবলেট স্ট্যান্ড

স্মার্টস্কেল ব্যবহার করতে চাইলে রান্নার টেবিলের উপরে অবশ্যই ট্যাবলেট বা ফোন দাঁড় করিয়ে রাখতে হবে। আর এজন্য ব্যবহার করা যেতে পারে একটি স্ট্যান্ড যা রান্নার সময় ড্রপ স্কেলএর মত অ্যাপ ব্যবহারের জন্য সুবিধাজনক। এ ছাড়াও রান্নাঘরে একটি স্ট্যান্ড রাখলে খাবার প্রস্তুত করার সময় রেসিপির ভিডিও বা নেটফ্লিক্সে ভিডিও দেখা সহজ হবে।

সস ভাইড প্রিসিশন কুকার

পানির তাপমাত্রা নির্দিষ্ট মাত্রায় পৌঁছানোর পর তাতে বাতাসবিহীন প্যাকেটে থাকা খাদ্য উপাদান মিশিয়ে দিয়ে খাবার প্রস্তুত করতে পারে 'সস ভাইড কুকার'। সাধারণ পদ্ধতিতে রান্নার সময় অনেক খাদ্য গুনাগুণ বিনষ্ট হয়ে যায় কিন্তু সস ভাইডের রান্না প্রক্রিয়ায় খাবারের এসব গুন অক্ষুণ্ণ থাকে।

টাচস্ক্রিন ল্যাপটপ

ট্যাবলেট কম্পিউটার যদি না থাকে এবং নতুন ল্যাপটপ কেনার ইচ্ছা আছে, তাহলে উচিত হবে একটি টাচস্ক্রিন ল্যাপটপ কেনা। লেনোভোর ইয়োগা সিরিজের ল্যাপটপ গুলোর মত টাচস্ক্রিন ল্যাপটপ হতে পারে রান্নাঘরের উত্তম সঙ্গী। 'টেন্ট মোড' এ থাকাকালে এসব ল্যাপটপ সহজেই দাঁড় করিয়ে রাখা সম্ভব যা রেসিপি দেখার কাজে লাগানো যেতে পারে।

স্মার্ট ফ্রাইং প্যান

ডিম, স্যামন কিংবা বার্গার চমৎকারভাবে ‘রান্নায়’ সাহায্য করতে পারে 'প্যান্টেলিজেন্ট' স্মার্ট প্যান। সঙ্গে থাকা রেসিপিসমৃদ্ধ অ্যাপটি রান্নায় বেশ সহায়ক হতে পারে। প্যানে থাকা সেন্সর ব্যবহারকারীর ফোনে নিয়মিত জানিয়ে দেবে কখন ভাজার জন্য মাছ প্যানে দিতে হবে, কখন ভাজা মাছটি উল্টে দিতে হবে এবং কখন রান্না শেষ হয়ে যাবে। ডিভাইসটির দাম বেশি হলেও নতুন রাঁধুনিদের জন্য এটি বেশ উপকারী।

ব্লুটুথ স্পিকার

গুনগত মানের দিক থেকে সেরা না হলেও 'টিবলি' ব্লুটুথ স্পিকারের রয়েছে কিছু অসাধারণ সুবিধা। প্রথমত এতে রয়েছে অ্যামাজনের ভয়েসচালিত ভার্চুয়াল সহকারী অ্যালেক্সার সঙ্গে কাজ করার সুযোগ। কাজ করার সময়ে হাত ব্যবহার না করেও ফোন রিসিভ করা বা পছন্দমত গান চালু করা যাবে অ্যালেক্সার সাহায্যে। ডিভাইসটির নিচে থাকা চুম্বকের মাধ্যমে এটি যেকোনো ধাতব পৃষ্ঠে আটকে রাখা যাবে।

স্মার্ট মিট থার্মোমিটার

স্মার্ট মিট থার্মোমিটারের মাধ্যমে স্মার্টফোনেই জানা যাবে কখন স্টেক তৈরি হয়ে গিয়েছে। স্টেক সঠিক তাপমাত্রায় পৌঁছে গেলে স্মার্ট ডিভাইসটি ব্লুটুথ ব্যবহার করে ফোনে একটি অ্যালার্ট প্রেরণ করবে।