২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞাপনে অস্বীকৃতি, ক্ষমা চাইল ফেইসবুক

প্লাস-সাইজড মডেল'-এর একটি বিজ্ঞাপন প্রচারে অস্বীকৃতি জানানোর ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 10:29 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

'প্লাস-সাইজড মডেল' বলতে দৈহিক আকারে সাধারণের তুলনায় বড় মডেলদের বুঝায়।

বিবিসির কাছে সোশাল জায়ান্টটি নিজেদের ভুল স্বীকার করে জানায়, বিতর্কের কেন্দ্রে থাকা ছবিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।

ফেইসবুকে প্লাস-সাইজড মডেল টেস হলিডে-এর বিকিনি পড়া একটি ছবিওয়ালা এক বিজ্ঞাপনকে ঘিরে এ বিতর্কের উদ্ভব। অস্ট্রেলিয়ার মেলবোর্নভিত্তিক 'ফেমিনিজম অ্যান্ড ফ্যাট' ইভেন্টটির বিজ্ঞাপনে ওই ছবিটি 'অনাকাঙ্ক্ষিত দৈহিক অবস্থাকে উপস্থাপন করে' বলে আপত্তি তোলে ফেইসবুক। পরবর্তীতে পেইজটি সরিয়ে নেওয়া না হলেও বিজ্ঞাপনটি প্রচারে অনুমতি দেওয়া হয়নি।

ফেইসবুকের পক্ষ থেকে প্রাথমিক জবাবে বলা হয়, "এ ধরনের ছবি দর্শকদের মধ্যে হীনমন্যতার জন্ম দিতে পারে, তাই তা গ্রহণযোগ্য নয়।" এছাড়াও বিকল্প হিসেবে "দৌঁড়ানো বা বাইকে চড়ার" মতো ছবি ব্যবহারের প্রস্তাব দেয় ফেইসবুক।

অস্ট্রেলীয় নারীবাদী দল ‘চার্চেজ লা ফেমে’ ফেইসবুকের এ সিদ্ধান্তে প্রবল ক্ষুব্ধ সমালোচনা জানায়।

ইভেন্টটির প্রযোজক জেসামি গ্লিসন বিবিসির কাছে এক সাক্ষাৎকারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "নারীদেহের সৌন্দর্যের অন্যান্য মাপকাঠির ক্ষেত্রে কিন্তু তারা কোনো নিয়মকানুন আরোপ করে না। এটা বুঝতে পারছি যে তারা 'ইটিং ডিজঅর্ডার' মোকাবেলার চেষ্টা চালাচ্ছে - তা ঠিকই আছে। তবে, একটা না একটা পর্যায়ে গিয়ে এটা বিবেচনায় নিতেই হবে যে ফেইসবুকে বিভিন্ন ভরের নারীরা রয়েছেন।"

এ প্রসঙ্গে ফেইসবুকের এক মুখপাত্র বলেন, "আমাদের দলটি প্রতি সপ্তাহে লাখ লাখ বিজ্ঞাপনের ছবি পর্যালোচনা করে, যার ফলে মাঝেমধ্যে ভুল হয়ে থাকে। স্পষ্টভাবে বললে এই দাঁড়ায়, এই ছবিটি আমাদের অ্যাডভার্টাইজিং পলিসি মেনে চলে। আমরা ছবিটির অনুমোদন দিয়ে দিয়েছি, এবং যে কোনো বিরূপ আচরণের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।"