মাইক্রোসফট হলোলেন্সের টার্গেট গুগল গ্লাস
অগমেন্টেড রিয়ালিটি ডিভাইসের বাজারে মার্কিন টেক জায়ন্ট গুগলের সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে অপর মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। তবে, গুগল গ্লাসের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি যে ভুলগুলো করেছে, সে বিষয়ে সতর্ক মাইক্রোসফট। এ বছরের শুরুতে মাইক্রোসফট অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তিনির্ভর হলোলেন্সের পূর্ব সংস্করণ উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে জনপ্রিয়তা পেতে গুগল গ্লাসের উল্টো পথে হাঁটছে মাইক্রোসফট।
রয়টার্স জানিয়েছে, হলোলেন্সের ক্ষেত্রে সফটওয়্যারের দিকেই বেশি নজর দিয়েছে মাইক্রোসফট, যেটি মানুষের কাজে লাগবে। ফ্যাশন, স্টান্ট বা বিপণনের জন্য এটি তৈরি করা হবে না। পাঁচ বছর আগে গুগল গ্লাস উন্মোচন করা হলে সেটি সাড়া জাগালেও মানুষের মন জয় করতে পারেনি। তাই, ফ্যাশনের ব্যাপারটি বাদ দিয়ে ডিভাইসটির কার্যকারিতায়ই বেশি মনোযোগ দিয়েছে মাইক্রোসফট।
অগমেন্টেড রিয়ালিটি ডিভাইসগুলোকে ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইসের চেয়েও ভাল প্রযুক্তি হিসেবে মনে করেন বিশেষজ্ঞেরা। স্মার্টগ্লাস মানুষকে পরিপূর্ণভাবে একটি নতুন কৃত্রিম জগতে নিয়ে যেতে পারে। তবে, এর আগে এই প্রযুক্তিতে গুগল গ্লাস এবং মাইক্রোসফটের নিজস্ব কাইনেক্ট ডিভাইসের প্রচেষ্টা সফল হয়নি। তাই এই প্রযুক্তিতে সফলতা আনতে এবার ভিন্ন পথেই হাঁটছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের হলোলেন্স বিষয়ে ভেনচার রিয়ালিটি ফান্ডের সাধারণ অংশীদার টিপাটাট চেন্নাভাসিন বলেন, "তারা আরও বেশি সুক্ষ উপায়ে এগোচ্ছে এবং এটিই সঠিক পন্থা।" তিনি আরও বলেন, "আপনি এখানে প্রতারণা চান না এবং মানুষকে হতাশ করতেও চান না, যেটি গুগল গ্লাস করেছে।"
২০২০ সালের মধ্যে অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তির বার্ষিক বাজার ৯ হাজার কোটি মার্কিন ডলারে দাঁড়াবে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ডিজি-ক্যাপিটাল। তাই এই খাতে বিনিয়োগ বাড়াতে ইতোমধ্যেই জোরালোভাবে মাঠে নেমেছে গুগল, মাইক্রোসফট, সনি এবং ফেইসবুকের মত শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
"হলোগ্রাফিক বাজার সৃষ্টির ক্ষেত্রে মাইক্রোসফটের অনেক কিছু করার সুযোগ রয়েছে এবং তারা এখানে নেতৃত্ব দেবে।", বলেন ফরেস্টার রিসার্চের বিশেষজ্ঞ জে.পি. গৌন্ডার। আগামী বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি হাজার হাজার ডিভাইস বিক্রি করবে বলেও আশা করেন তিনি।
গৌন্ডার আরও বলেন, "সময়ের সঙ্গে, কমদামী হার্ডওয়্যারগুলোই বড় ধরনের বাজার তৈরি করবে।" মাইক্রোসফটের এই হলোলেন্স ২০১৭ সালেই গ্রাহকের জন্য বাজারে আসার কথা রয়েছে। সেক্ষেত্রে ডিভাইসটির মূল্য দেড় হাজার মার্কিন ডলারের নিচে হবে বলে ধারণা করা হচ্ছে।
