ড্রোন ঠেকাতে তৎপরতা
ড্রোন থেকে হামলা মোকাবেলায় যৌথভাবে কাজ করছে যুক্তরাজ্য পুলিশ এবং নেটো। সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত ড্রোন চিহ্নিতকরণ, অনুসরণ এবং প্রয়োজনে ধ্বংস করে দেওয়ার মতো ব্যবস্থা বিবেচনায় রাখছে যৌথবাহিনী।
ইউনিভার্সিটি অফ বার্মিংহাম-এর অধ্যাপক ডেভিড ডান বলেন, সন্ত্রাসীদের ড্রোন ব্যবহারের ঝুঁকি অমূলক নয় সুতরাং 'শীঘ্রই' এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। এমনকি শখের বশে উড়ানো ড্রোনগুলোও প্লেন চলাচলের পথে বাঁধা সৃষ্টি করে বড় ধরনের দূর্ঘটনা ঘটাতে পারে।
যুক্তরাজ্যের বড় এয়ারপোর্টগুলো ইতোমধ্যে ড্রোন ঠেকাতে সর্বোত্তম প্রতিরক্ষা দেবে এমন প্রযুক্তি নিয়ে আলোচনা করছে। ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন জায়গায় এ ধরনের প্রযুক্তির প্রদর্শন ও পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে স্কাই নিউজ।
এন্টারপ্রাইজ, চেস সিস্টেমস এবং ব্লাইটার নামের তিনটি প্রতিষ্ঠান একটি ড্রোন নিধনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। এয়ারপোর্টে এই প্রযুক্তি পরীক্ষা করার জন্য প্রতিষ্ঠানগুলো এবং যুক্তরাষ্ট্রের এভিয়েশন কর্তৃপক্ষ (এফএএ)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ব্লাইটার সারভেইল্যান্স-এর প্রধান মার্ক র্যাডফোর্ড জানান, অ্যান্টি-ইউএভি ডিফেন্স সিস্টেম নামের নতুন এই প্রযুক্তির মাধ্যমে দ্রুতগতিতে অপরাধী ড্রোনকে থার্মাল ক্যামেরা দিয়ে চিহ্নিত করা হয় এবং এর নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়। এরপর বিশেষ ধরনের জ্যামার ব্যবহার করে ড্রোনটিকে মাটিতে নামতে বাধ্য করা হয় কিংবা এটি যেখান থেকে এসেছে সেখানে ফিরে যেতে বাধ্য করা হয়। ফিরে যাওয়ার সময় ড্রোনটি অনুসরণ করে এর নিয়ন্ত্রণকারীকে খুঁজে বের করা সম্ভব।
ইতোমধ্যেই এ প্রযুক্তি কর্তৃপক্ষের কাছে প্রদর্শন করা হয়েছে। ২০ টি দেশে নতুন এই প্রযুক্তি ব্যবহারে খরচের পরিমাণ ১০ লাখ ইউরোর কম বলে জানিয়েছেন তিনি।
ড্রোনের হুমকির কথা জানিয়ে তিনি বলেন, "এয়ারপোর্ট, সামরিক আস্তানা আর সরকারি প্রতিষ্ঠাগুলো এর ক্রমবর্ধমান হুমকিতে রয়েছে।"
আশা করা যাচ্ছে, আসন্ন 'ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপ'-এর সময় ফ্রান্সের স্টেডিয়ামগুলোতে ড্রোন-নিধন প্রযুক্তি ব্যবহার করা হবে। টুর্নামেন্টের প্রধান নিরাপত্তারক্ষী জিয়াদ খৌরি জানান, প্রযুক্তিটি সংরক্ষিত এলাকায় যে কোনো ড্রোন প্রবেশে বাধা দেবে।
মাটি থেকে দুই বা তিনশ' ফিট উপর দিয়ে উড়ন্ত আকাশযান ড্রোন দিয়ে সহজেই আক্রমণ করা যায়। এক বা একাধিক ড্রোন আকাশযানের ইঞ্জিন বিকল করে দিলে তা ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। লোক সমাগম হয় এমন জায়গাগুলোয় রাসায়নিক বা জৈবিক অস্ত্র ব্যবহারে ড্রোন ব্যবহারের আশংকাকে মাথায় রেখে নিজেদের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করছে ফরাসি কর্তৃপক্ষ।
