অকুলাসে ব্রিটিশ বিশেষজ্ঞদল নিয়োগ
নিজেদের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট অকুলাস রিফটের অকুলাস ভার্চুয়াল রিয়ালিটি ডিভিশন-এর জন্য ইউরোপের প্রথম বেইস করতে যুক্তরাজ্যের লন্ডনে বিশেষজ্ঞদের একটি দল নিয়োগ দিয়েছে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেইসবুক-- এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।
২০১৪ সালে দুইশ' কোটি ডলারের বিনিময়ে ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অকুলাস-কে কিনে নেয় মার্কিন এই সোশাল জায়ান্ট। এর পর শেষ ছয় মাসে প্রতিষ্ঠানটি প্রকৌশল আর ডেভেলপার সম্পর্কিত কর্মীদের দল যথেষ্ট পরিসরে বিস্তৃত করেছে, এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ।
নিজ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে ভার্চুয়াল রিয়ালিটি-এর উপর ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ ‘ভালোভাবেই বাজি ধরেছেন’ বলে ভাষ্য আইএএনএস-এর।
২০১৫ সালে ব্রিটিশ ভার্চুয়াল রিয়ালিটি স্টার্টআপ সারেল ভিশন-কে কিনে নেয় ফেইসবুক। সেই সঙ্গে স্টার্টআপটির কর্মীদের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেডমন্ডে অবস্থিত অকুলাস কার্যালয়ে সরিয়েও নেওয়া হয়।
চলতি বছর ২৮ এপ্রিল রাত ২ টা ৭ মিনিটে করা এক পোস্টে জাকারবার্গ বলেন, “আমি যখন ভবিষ্যতের দিকে তাকাই, আমি আমাদের আগের পদক্ষেপগুলোর চেয়ে আরও জোরালো পদক্ষেপ দেখতে পাই। আজকের ফেইসবুক নয়, এটি পরবর্তীতে যা হতে পারে এবং এই সম্প্রদায়ের জন্য যা করা লাগতে পারে সেদিকেই আমাদের লক্ষ্য। এর মানে দাঁড়ায়, সংযুক্ততা বাড়ানো, কৃত্রিম বুদ্ধিমত্তা বানানো, ভার্চুয়াল রিয়ালিটি এবং অগমেন্টেড রিয়ালিটির উন্নয়ন। আমি আমার লক্ষ্যে দৃঢ়, ফেইসবুককে দীর্ঘ সময়ের নেতৃত্বে সেদিকেই নিয়ে যাচ্ছি।"
