২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়াকে দুষছে সুইডেন

শুক্রবার সুইডিশ সিভিল ইমার্জেন্সি এজেন্সির উদ্যোগে দেশটির টেলিযোগাযোগ ক্ষেত্রে সাম্প্রতিক কিছু 'দূর্ঘটনা'র বিষয়ে আলোচনা সভার আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 09:00 PM

Updated : 12 Apr 2022, 02:06 AM

রয়টার্স জানায়, শেষ কয়েক সপ্তাহের মধ্যেই দেশটিতে দুটি টেলিযোগাযোগ অ্যান্টেনা টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার একটি কম্পিউটার ত্রুটির কারণে সুইডেনের বিমান চলাচল ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। এ ছাড়াও কৌশলগত ত্রুটির কারণে সুইডিশ রেল বুকিং ব্যবস্থা চরমভাবে ভেঙে পড়ে।

এসব 'দূর্ঘটনা' আসলে বিদেশী নিরাপত্তা সংস্থাগুলোর কোনো অন্তর্ঘাত চক্রান্তের অংশ হতে পারে - এমন ধারণা করছেন কেউ কেউ। সুইডেনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রেজ ইগিম্যান বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় প্রচার সংস্থা এসভিটি-কে বলেন, এসব ঘটনাকে কয়েকটি দিক থেকেই 'বিদেশি শক্তির ছল' হিসেবে ব্যাখ্যা করা যায়।

সুইডেনের সিভিল কন্টিনজেন্সিস এজেন্সি (এমএসবি) জানায়, এ ঘটনাগুলো পরস্পর সম্পর্কিত - এখনই এমনটা ভাবার কোনো কারণ নেই। তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র একটি 'ন্যাশনাল কোঅর্ডিনেশন' বৈঠক আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছেন, যা এ ঘটনাগুলোর ফলে জনগণের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কাকেই ফুটিয়ে তুলছে।

লুন্ড ইউনিভার্সিটি-এর ‘ইনটেলিজেন্স অ্যানালিসিস’ বিষয়ের অধ্যাপক উইলহেম অ্যাগ্রেল অবশ্য এতে রাশিয়ার হাত থাকতে পারে বলে ইঙ্গিত দেন। সুইডিশ ট্যাবলয়েড অ্যাফটনব্ল্যাডেট-এ এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এ ঘটনাগুলো ২০১৪ সালের ক্রিমিয়া অপারেশনের পর থেকেই তথাকথিত হাইব্রিড ওয়ারফেয়ারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।"

এ প্রসঙ্গে রয়টার্সের পক্ষ থেকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

সুইডেন বহু বছর ধরেই রাশিয়াকে বড় ধরনের হুমকি হিসেবেই দেখে আসছে। এপ্রিল মাসে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনকে নেটো-তে যোগ না দিতে হুমকি দেয়। এ ছাড়াও সুইডেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঠামোর ওপর রাশিয়ার গুপ্তচরেরা নজর রাখছে - দেশটির নিরাপত্তা সংস্থাগুলো মিডিয়ায় এ সতর্কবার্তা প্রচার করে বলে জানায় রয়টার্স।