২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের গোপন কি দিয়ে দিল হ্যাকাররাই

'কুখ্যাত' টেসলাক্রিপ্ট নামের র‌্যানসমওয়্যার বিক্রি বন্ধ করে দিয়েছে, এর নির্মাতা চক্র। সেই সঙ্গে তারা এটি ব্যবহারের 'মাস্টার কি' প্রকাশ করে দিয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 07:30 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

এই কি দিয়ে একটি বিনামূল্যের ডিক্রিপশন টুল তৈরি করা যাবে। এই টুল ওই ম্যালওয়্যার দিয়ে এনক্রিপ্ট করা ফাইল ফিরে পেতে ব্যবহৃত হয়।

এই মাস্টার কি প্রকাশ করে দেওয়ার ফলে, যে কেউ এখন কোনো মুক্তিপণ পরিশোধ করা ছাড়াই তাদের ডেটা পুনরূদ্ধার করতে পারবেন বলে জানিয়েছে বিবিসি। তবে, ম্যালওয়্যারটির পেছনে থাকা চক্রটি কেন তাদের ম্যালওয়্যার ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিল তা এখনও স্পষ্ট নয়।

এই র‌্যানসমওয়্যার দিয়ে গেইমারদের লক্ষ্য করা হয়। আক্রান্ত ডিভাইসগুলো থেকে কল অফ ডিউটি, মাইনক্র্যাফট আর ওয়ার্ল্ড অফ ট্যাংকস-এর মতো জনপ্রিয় সব গেইমের সঙ্গে সম্পৃক্ত ১৮৫ ধরনেরও বেশি নথি এনক্রিপ্ট করতে ব্যবহার করা হয়। আক্রান্ত গেইমাররা মুক্তিপণ পরিশোধের মাধ্যমে তাদের ফাইল ডিক্রিপ্ট করতে পারেন। এক্ষেত্রে মুক্তিপণের পরিমাণটা হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে।

আক্রান্ত ডিভাইসগুলোতে টেসলাক্রিপ্ট ম্যালওয়্যারটি মুক্তিপণ পরিশোধের যে ঠিকানা দেখায়, সেই ঠিকানায় পেছনে থাকা হ্যাকারদের বার্তা পাঠায় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। এই বার্তায় মাস্টার এনক্রিপশন কি-এর একটি কপি চাওয়া হয়। তাদেরকে অবাক করে দিয়ে হ্যাকাররা পাল্টা জবাবও দেয়।

জবাবে তারা জানায়, তাদের প্রকল্পটি 'বন্ধ' করে দেওয়া হয়েছে, সেই সঙ্গে দিয়ে দেওয়া হয় মাস্টার এনক্রিপশন কি-ও। আর সব শেষে তাদের পক্ষ থেকে বলা হয়, "আমরা দুঃখিত!"

আরেক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস-এর পল ডাকলিন, সাইবার হ্যাকারদের নিজেদের গোপন কি দিয়ে দেওয়ার এই নজিরকে 'নজিরবিহীন' বলে মন্তব্য করেছেন।