২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

"পেপার" চলবে অ্যান্ড্রয়েডে

মানুষের আবেগ ও অনুভূতি বুঝতে এবং শারীরিক অঙ্গভঙ্গি নকল করতে সক্ষম "পেপার" রোবটটির প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য খুলে দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 05:12 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

১.২ মিটার (৪ ফুট) উচ্চতার মানবসদৃশ এ রোবটটিতে রয়েছে বিশটিরও বেশি মোটর এবং আর্টিকুলেটেড আর্ম। রোবটটির বুকে একটি ট্যাব বসানো হবে, যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে।

বিবিসি জানায়, এ পর্যন্ত এ ধরনের দশ হাজার রোবট বিক্রি হলেও এর অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ বানানো নাকি কম ঝক্কির কাজ নয়। তাই অ্যান্ড্রয়েড নির্মাতাদের জন্য এই প্লাটফর্মটি খুলে দেওয়া হলে রোবটটির জন্য নতুন সব অ্যাপ ও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে বলে আশা করছে এর নির্মাতা প্রতিষ্ঠান সফটব্যাংক।

গুগল এবং সফটব্যাংক দুই পক্ষের কেউই চুক্তির ধরন সম্পর্কে কিছুই জানায়নি। এ ছাড়াও এ রোবটটিতে গুগল অ্যাসিস্ট্যান্টসহ গুগলের অন্যান্য নতুন ফিচারগুলো ব্যবহার করা হবে কিনা তা জানা যায়নি।

জাপানে "পেপার" রোবটটির ব্যাপক কদর রয়েছে। এখনও পর্যন্ত এ রোবটটি নেসলে, মিজুহো ব্যাংক এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান সহ প্রায় পাঁচশ’ প্রতিষ্ঠানে ওয়েটার, বিক্রয়কর্মী এবং কাস্টমার সার্ভিস প্রতিনিধি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়াও রোবটটি আগামী জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রি-সেইলের ভিত্তিতে বিক্রি হবে।