কী পরিবর্তন আসছে আগামী আইফোনে?
পরবর্তী আইফোনগুলো কেমন হবে, তা নিয়ে বাজারে অনেক ধরনের গুঞ্জনই শোনা যায়। এবার নতুন করে গুঞ্জন উঠালেন আইফোন নির্মাতাদের প্রধান এক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রধান।
ক্যাচার টেকনোলজি নামের ওই প্রতিষ্ঠানটি আইফোন ৬-এর কিছু অ্যালুমিনিয়াম শেল তৈরি করে থাকে। তাই এর প্রধান অ্যালেন হংয়ের কাছে আইফোন নিয়ে মার্কিন প্রযুক্তি জায়ান্টটির পরিকল্পনার ভেতরকার তথ্য থাকতেই পারে, ধারণা ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার-এর।
চলতি বছর সেপ্টেম্বর বা তার পরের দিকে আসতে পারে আইফোন ৭, আর এটি অনেকটা ‘একঘেয়ে’ হবে বলেই ভাষ্য সাইটটির। তবে, ২০১৭ সালে বাজারে আসতে পারে পরবর্তী ‘উত্তেজনাকর’ আইফোন। আর এতে থাকতে পারে তারবিহীন চার্জিং, এজ-টু-এজ স্ক্রিন আর গ্লাসের তৈরি বডিতে ঢেকে রাখা উন্নত ক্যামেরাসহ নতুন কিছু ফিচার।
হং বলেন, “আমি যতদূর জানি, আগামী বছর (২০১৭) শুধু একটি আইফোনের মডেলে গ্লাস কেসিং রাখা হবে।”
নিজের প্রতিষ্ঠানের শেয়ারধারীদের সঙ্গে করা এক বৈঠকে তিনি বলেন, “আমি মনে করি না, এই পদক্ষেপ ক্যাচারের আয়ের উপর কোনো প্রভাব রাখবে, যেহেতু এখনও গ্লাস কেসিংয়ে ধাতব ফ্রেম দরকার হয়, যার জন্য উন্নয়ন প্রক্রিয়াকরণ প্রযুক্তি দরকার হয় আর তা বর্তমান মডেলের চেয়ে সস্তা হবে না।”
ক্যাচারের মোট আয়ের এক-তৃতীয়াংশ আসে অ্যাপল থেকে।
‘বিশ্বাসযোগ্য’ অ্যাপলবিষয়ক বিশ্লেষক মিং চি-কুও সম্প্রতি একটি ‘প্রো’ আইফোন মডেলে আসার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বলে বলা হয়েছে সাইটটির প্রতিবেদনে।
সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল আইফোনের ক্ষেত্রে একটি ‘টিক-টক’ চক্র অনুসরণ করেছে। এক বছর প্রতিষ্ঠানটি একটি নতুন ডিজাইন আনে, আর পরের বছর এর ভেতরকার ফিচারগুলো আপগ্রেড নিয়ে আসে।
২০১৭ সালে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট এই চক্র থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে, অনেকগুলো প্রমাণ এমনদিকেই ইঙ্গিত করছে বলে মন্তব্য সাইটটির।
