নতুন মেসেজিং অ্যাপ আনছে গুগল
সম্প্রতি নতুন একটি গ্রুপ ম্যাসেজিং অ্যাপ এনেছে ওয়েব জায়ান্ট গুগল। 'গুগল স্পেসেস' নামের এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা বারবার এক অ্যাপ থেকে অন্য অ্যাপে তথ্য কপি-পেস্ট করার বদলে গ্রুপ মেসেজেই তথ্য খুঁজে বের করে লিংক জুড়ে দিতে পারবেন।
গুগল জানায়, এতে সংশ্লিষ্ট বিষয়ে কোনো আর্টিকল বা ছবি জুড়ে দেওয়া ছাড়াও আগের গ্রুপ মেসেজে শেয়ার করা আর্টিকল, ভিডিও, ছবি ও কমেন্ট ‘খুব সহজেই’ খুঁজে বের করা যাবে।
এ ছাড়াও সহজ একটি ইনভাইট লিংকের সাহায্যে ব্যবহারকারীরা সহজেই চ্যাটিংয়ে বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবেন।
ফেইসবুক মেসেঞ্জার ও স্ন্যাপচ্যাটের মতো শীর্ষ মেসেজিং অ্যাপগুলোর সঙ্গে তাল রাখতে হিমশিম খেতে থাকা গুগল, প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে থাকতেই স্পেসেস চালু করেছে বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক সংবাদ সাইট বিজনেস ইনসাইডার।
এই অ্যাপের ভূমিকা ও প্রয়োজনীয়তা প্রশ্নবিদ্ধ হচ্ছে সমালোচকদের কাছে। গুগলের বর্তমান মেসেজিং অ্যাপ হ্যাংআউটস-এ এসব সুবিধাগুলো যুক্ত না করে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ তৈরির সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকেই। এ ছাড়াও হ্যাংআউটস, মেসেঞ্জার, ইউটিউব মেসেজিং ও গুগল প্লাস-এর পর নতুন একটি শেয়ারিং অ্যাপের ধারণাটিই উদ্ভট বলে মন্তব্য করেছেন জার্মান ভাষায় প্রকাশিত অস্ট্রিয়ান দৈনিক দার স্ট্যান্ডার্ড-এর ওয়েব সংস্করণ সম্পাদক অ্যান্দ্রেজ প্রস্কোফস্কি।
বিজনেস ইনসাইডার জানায়, এ অ্যাপটির অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপ সংস্করণ বাজারে ছেড়েছে গুগল।
