ব্রিটেনকে ইইউতে চায় মাইক্রোসফট
ভবিষ্যৎ বিনিয়োগের ভাগীদার হতে চাইলে যুক্তরাজ্যকে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকা উচিত বলে মত দিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
চলতি বছর জুনে একটি গণভোটের মাধ্যমে চূড়ান্ত হবে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নের অংশ থাকবে কি-না।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্যে মার্কিন এই সফটওয়্যার জায়ান্টের ৫ হাজার কর্মী রয়েছে। ব্রিটেনকে ইউরোপের মধ্যে তথ্য আদান-প্রদানের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থাকলে তাদের বিনিয়োগ হুমকির মুখে পড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের যুক্তরাজ্য প্রধান মাইকেল ফন ডার বেল প্রতিষ্ঠানটির সাইটে বলেন, "আমাদের দর্শন হচ্ছে, যুক্তরাজ্যের উচিত ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেই থাকা।" তার মতে, "ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকা যুক্তরাজ্যের জন্য মাইক্রোসফট এবং অন্য প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ নির্ণায়ক হতে পারে।"
কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই) যুক্তরাজ্যের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভোটের বিষয়ে কর্মচারীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে। সিবিআই মহাপরিচালক ক্যারোলিন ফেয়ারবায়ার্ন বলেন, "দায়িত্বশীল ব্যবসায়ী নেতাদের উচিত তাদের কর্মচারীদের জানানো যে বিভক্ত হয়ে গেলে তা তাদের ব্যবসায়, চাকুরী এবং সমাজে কী রকম প্রভাব ফেলবে।"
এটা মানুষকে কীভাবে ভোট দিতে হবে তা নিয়ে বলার কিছু নয়, বরং স্থির হয়ে প্রমাণ-ভিত্তিক আলোচনার মাধ্যমে বিষয়টি তুলে ধরা উচিত বলেও ভাষ্য তার।
সম্প্রতি বিভিন্ন মতামত নির্বাচন পোলগুলো থেকে ভোটের ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকার পক্ষে রয়েছে মানুষ। তবে বিপক্ষমতের লোকসংখ্যাও নেহাত কম নয়।
