২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরারির 'সুপারকার' ৪৮৮ জিটিবি'র সমাচার

২০১৫ সাল পর্যন্ত ফেরারির বানানো স্পোর্টস কারগুলোর দুনিয়ায় একচ্ছত্র রাজত্ব চালিয়ে এসেছে ফেরারির তৎকালীন সেরা ৪৫৮ ইটালিয়া। কিন্তু সম্প্রতি লালের সঙ্গে হালকা কমলা রঙ মেশানো ফেরারি রেড নামে পরিচিত 'রসো করসা মেতলিজ্জাতো' রঙের অসাধারণ নতুন 'সুপারকার' ফেরারি ৪৮৮ জিটিবি (গ্র্যান টুরিজমো বার্লিনেত্তা) যোগ্য উত্তরসূরি হিসেবেই ৪৫৮-এর জায়গা দখল করে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 09:33 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার জানায়, ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এ গাড়িটি জনসম্মুখে উন্মোচন করা হয়।

৪৮৮-এ রয়েছে স্বচ্ছ ঢাকনায় ঢাকা মোট আটটি সিলিন্ডারের সমন্বয়ে গঠিত ৬৬১ হর্সপাওয়ারের ৩৯০০ সিসির টার্বোচার্জড জোড়া ভি৮ টার্বো, যাকে জায়গা দিতে গিয়ে গাড়িটির পেছনের অংশ অনেকটা বড়সড় আকার ধারণ করেছে। তবে দৃষ্টিকটু হওয়ার বদলে বরং গাড়িটিকে রাজকীয় এক রূপ দিয়েছে তা! এ ছাড়াও টেইলপাইপের নিচে রয়েছে কার্বন-ফাইবার ডিফিউজার।

এই গাড়ি ঘন্টায় সর্বোচ্চ ৩৩০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারে, আর একে বশে রাখে বিগ ব্রেমবো কার্বন-সিরামিকের ‘অসাধারণ কার্যকরী’ ব্রেক।

গাড়িটির সামনের অংশটিতে ৪৫৮-এর তুলনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর হুডের ওপর বসানো একজোড়া স্কুপ গাড়িটির ইঞ্জিনকে ও 'ফ্র্যাংক' নামে পরিচিত ট্রাংকটিকে ঢেকে রাখে। এর ট্রাংকের বিশাল ফাঁকা জায়গা ভ্রমণের ক্ষেত্রে মালামাল পরিবহনে ব্যাপক সুবিধা দেবে। এ ছাড়াও স্বাভাবিকের চেয়ে বড় আকারের অ্যারোডায়নামিক সাইড ভিউ মিররের সাহায্যে চলন্ত অবস্থায় গাড়ির আশপাশের উপর তুলনামূলক ভালোভাবে নজর রাখা সম্ভব। তবে, ৪৫৮-এর তুলনায় হেডলাইটে খুব একটা পরিবর্তন আনা হয়নি।

দুই আসনের গাড়ি হিসেবে গাড়ির ভেতরটা অনেকটাই খোলামেলা। লাল ও কালো রঙের কার্বন ফাইবার ও চামড়ার আবরণে মোড়ানো আসনগুলো 'অত্যন্ত আরামদায়ক' বলে উল্লেখ করেছে সাইটটি। আসনের গায়ে রয়েছে ফেরারির সেই চিরচেনা টাট্টু ঘোড়ার ছাপ।

এর ইন্সট্রুমেন্টাল প্যানেল একই সঙ্গে ডিজিটাল ও অ্যানালগ ব্যবস্থার সম্মেলনে তৈরি। এর দুইপাশে দুটি ছোট স্ক্রিন রয়েছে, যা সহজেই পুনঃসমন্বয় করা যায়। সামনের অংশের মাঝের দিকে রয়েছে ট্যাকোমিটার। এতে রয়েছে ফেরারির চিরপরিচিত ফর্মুলা ওয়ান স্পোর্টস কারের ফিচারসম্পন্ন স্টিয়ারিং হুইল। এ ছাড়াও এর ইঞ্জিন স্টার্ট-স্টপ বাটনটি কোনোভাবেই চোখ এড়িয়ে যাওয়া সম্ভব না। তবে টার্ন সিগন্যাল ব্যবস্থায় অভ্যস্ত হতে কিছুটা সময় লাগতে পারে গাড়িচালকদের।

স্টিয়ারিং হুইলের ডানে রয়েছে চালকের সুবিধার জন্য কিছুটা সামনের দিকে ঝোঁকানো কনট্রোল ক্লাস্টার। এতে একটি হুইলের সাহায্যে ইনফোটেইনমেন্ট ও ন্যাভিগেশন সিস্টেম নিয়ন্ত্রণ করা যাবে।

এর পেডালগুলো খুবই কম ভরের এবং এতে কোনো ক্লাচ নেই। আর 'স্পোর্ট' মোডে রয়েছে কার্বন ফাইবারের তৈরি দুর্দান্ত প্যাডল শিফটার, আর চলন্ত অবস্থায় গিয়ার পরিবর্তন করা যায় অতি সহজেই।

গাড়িপ্রেমিদের কাছে ৪৫৮-এর সবচেয়ে আকর্ষণীয় তিনটি দিক ছিলো এর ‘লুক’, গতি আর তীব্র গর্জন। নতুন ৪৮৮-এর ভি৮ ইঞ্জিনে এই গর্জন হারিয়ে যাওয়ার পাশাপাশি টার্বো-ল্যাগ যোগ হবে বলে আশংকা করছিলেন যারা, তাদের জন্য সুখবর এনেছে এটি। এতে টার্বো-ল্যাগের সমস্যা নেই, আর ৪৫৮-এর মতো অতটা দানবীয় অট্টহাস্য না থাকলেও চলন্ত অবস্থায় এর টার্বো-এর তীব্র শিসের আওয়াজ শুনতে পাবেন তারা, যা কম সুখকর নয়!

সোজা কথায়, ৩ লাখ ৬০ হাজার ডলার মূল্যের এ যন্ত্র-দানবটির প্রতিটি পাই পয়সাই উসুল করে নিতে পারবেন এর ক্রেতারা, ভাষ্য মার্কিন সাইটটির।