আপোসের সুতায় ঝুলছে উবার মামলা
যাত্রীসেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবারের বিরুদ্ধে এক ক্লাস অ্যাকশন মামলায় চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মামলাটির বাদীপক্ষের অন্যতম প্রধান একজন সদস্য।
‘ক্লাস-অ্যাকশন’ হল এমন এক মামলা যেখানে বাদীপক্ষ একজন হলেও তিনি একই ধরনের ঘটনার শিকার অনেকের প্রতিনিধিত্ব করেন ও মামলার রায় ভুক্তভোগী সবার জন্যই প্রযোজ্য হয়।
সোমবার এক কোর্ট ফাইলিং-এ বাদীপক্ষের ডগলাস ও'কনর মন্তব্য করেন, এ চুক্তি তিনি বা কোনো উবার চালকেরই কোনো উপকারেই আসবে না। তার এ বিরোধিতার ফলে স্যান ফ্রান্সিসকো ফেডারেল আদালত কোন ধরনের চুক্তির বিষয়টিই নাকচ করে দিতে পারেন বলে জানায় রয়টার্স।
গাড়িচালকদের দাবি: তাদের চাকরিজীবী হিসেবে গণ্য এবং জ্বালানী তেল ও গাড়ি মেইন্টেনেন্স ব্যয় পরিশোধ করতে হবে। বর্তমানে এসব খরচ চালকদের নিজ পকেট থেকে দিতে হয়।
রয়টার্স জানায়, এ চুক্তি মেনে নিলে হাজার হাজার গাড়িচালক মোট দশ কোটি ডলার পর্যন্ত পেতে পারেন।
গাড়িচালকদের পক্ষের আইনজীবী স্যানন লিস-রিওর্ডান জানান, এ চুক্তির ফলে কঠোর পরিশ্রমী চালকেরা প্রত্যেকে কয়েক হাজার ডলার করে পেতে পারেন। তবে এ মামলা আর এগোলে তাদের শূন্য হাতেও ফিরতে হতে পারে - এমন আশঙ্কার কথা জানান তিনি।
তবে আরও কিছু গাড়িচালক এবং আইনজীবীরা এ চুক্তিকে সম্ভাব্য ঝুঁকির তুলনায় নগণ্য বলে মন্তব্য করেছেন।
কোর্ট ফাইলিং-এ এ ও বলা হয়, ও'কনর বাদীপক্ষের আইনজীবী হিসেবে লিস-রিওর্ডানের বদলে লস অ্যাঞ্জেলসের তারকা আইনজীবী মার্ক গেগারোসকে চেয়েছেন। গেগারোস গত সপ্তাহে এ চুক্তির বিরুদ্ধে প্রতিবাদনামা দাখিল করেন।
লিস-রিওর্ডান এক বিবৃতিতে বলেন, ও'কনরকে শুধু মামলা চলাকালীন অবস্থায় সংশ্লিষ্ট রাখা হলেও দাপ্তরিকভাবে তাকে প্রধান বাদী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।
এ ছাড়াও যেসব আইনজীবী ও'কনরের পক্ষে আদালতে দাঁড়াতে আগ্রহ দেখিয়েছেন, তাদের "অতীতে বড় মামলাগুলোর ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টার ঘটনা থাকতে পারে" বলে মন্তব্য করেন তিনি।
