স্মার্টফোন-মোটরসাইকেলে জরুরী সেবা
যেসব দেশে ৯৯৯ বা ৯১১-এর মতো জরুরী সেবার নাম্বার নেই, সেখানকার কথা চিন্তা করে এর বিকল্প আনছে একটি অলাভজনক সংস্থা।
ব্লুমবার্গ-এর দেওয়া তথ্য অনুযায়ী, 'বিকন' নামের একটি সফটওয়্যার এনেছে ট্রেক মেডিকস ইন্টারন্যাশনাল নামের একটি অলাভজনক সংস্থা। প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে যেসব দেশে ৯১১-এর মত সেবা নেই সেখানে ৯১১-এর একটি বিকল্প তৈরি করা।
যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহামে’র একদল গবেষক পরিবহণ ব্যবস্থা নিয়ে করা এক গবেষণায় দেখিয়েছেন প্রচলিত অ্যাম্বুলেন্সের জন্য প্রতি কিলোমিটারে ১ ডলার ৪৬ সেন্ট খরচ হয়। মোটরসাইকেল ব্যবহারে এই খরচের পরিমাণ দাড়ায় মাত্র ১৮ দশমিক ৬ সেন্ট। সুতরাং মোটরসাইকেলকেই প্রাথমিক বাহন বানিয়ে ট্রেক নামের প্রতিষ্ঠানটি একটি স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে ডমিনিকান রিপাবলিক এবং তানজানিয়ায়। প্রায় ২০০ স্বেচ্ছাসেবককে এ জন্য প্রস্তুত করার জন্য খরচ যোগায় গুগল, কারডিয়াল হেলথ, দ্য ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)-এর মত প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত অনুদান।
প্রাক্তন প্যারামেডিক জেসন ফ্রাইসেন-এর নেতৃত্বে ২০০৯ সালে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির নিউ ইয়র্কে কাজ পরিচালনায় স্বল্পসংখ্যক কর্মী রয়েছে। স্বেচ্ছাশ্রমের বিনিময়ে প্রতিষ্ঠানটি প্রদান করে ফার্স্ট এইড প্রশিক্ষণ সার্টিফিকেট, একটি ইউনিফর্ম এবং বিনামূল্যে ফোন ব্যবহারের সুবিধা।
ফ্রাইসেন বলেন, "আমরা জানতাম মানুষকে টাকা ছাড়াই স্বেচ্ছাশ্রমে আগ্রহী করার কোনো একটা পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা ১৮ থেকে ২৪ বছর বয়সীদের দিকে দৃষ্টি নিবদ্ধ করি। প্রশ্ন উঠল এই বয়সীরা কোন ব্যাপারে সবচেয়ে উৎসাহী? উত্তর হল ফোন, ইন্টারনেট সংযোগ এবং সামাজিক মাধ্যম। আর একারণেরই স্বেচ্ছাসেবীদের মধ্যে কর্মদক্ষতায় এগিয়ে থাকা ২০ শতাংশের ফোনের বিল পরিশোধ করে দিত ট্রেক।
আশা করা হচ্ছে এই বছরের শেষে ট্রেকের নেটওয়ার্ক থাকবে মেক্সিকো, গিনি এবং মালাউ-তে।
ফ্রাইসেন-এর মতে, তারা তখন প্রায় ১০ লাখ মানুষকে সেবা প্রদান করতে সক্ষম হবেন।
ট্রেক ইতোমধ্যেই ডমিনিকান প্রজাতন্ত্র এবং তানজানিয়ায় স্মার্টফোন কেনার ক্ষেত্রে খরচ কমানোর ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। পরবর্তী ধাপে ট্রেক চেষ্টা করবে স্বেচ্ছাসেবকদেরকে আরও উৎসাহী করতে। এমনকি যারা স্বেচ্ছাসেবক হতে ইচ্ছুক তাদেরকে দেয়া হবে একটি ট্রেক ফোন, যদিও তা এখনও দূরকল্পনা।
