এবার নর্থ ক্যারোলাইনায় হানা অ্যানোনিমাসের
হ্যাকার দল অ্যানোনিমাস-এর সাইবার আক্রমণের এবারকার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নর্থ ক্যারোলাইনার প্রাদেশিক সরকার।
সিএনএন জানায়, নর্থ ক্যারোলাইনার নতুন ‘বাথরুম আইন’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই একের পর এক সাইবার আক্রমণ চালাচ্ছে অ্যানোনিমাস। তাদের @OperationLGBT টুইটার অ্যাকাউন্টে এরই মধ্যে সরকারি কিছু ওয়েবসাইট অকেজো করে দেওয়ার খবর পাওয়া গেছে।
প্রদেশটির নতুন ‘বাথরুম আইন’ অনুসারে নিজের জন্মের সময়কার লিঙ্গ অনুযায়ী ওয়াশরুম ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে বিপাকে পরে গেছেন হিজড়া সম্প্রদায়, যারা নিজেদের তৃতীয় লিঙ্গ হিসেবে দাবি করেন। নতুন আইনে তাদের জন্য কোনো বাথরুমের সমাধান দেওয়া হয়নি।
অ্যানোনিমাসের পক্ষ থেকে এই টুইটার অ্যাকাউন্টে প্রাদেশিক সরকারের ভূমিকায় প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করা হয়। প্রদেশটির গভর্নর প্যাট ম্যাকক্রোরির উদ্দেশ্যে এক টুইটার বার্তায় বলা হয়, "বাথরুম আইনটি তুলে নিতে আমরা জোর দাবি জানাচ্ছি, আর তা না হলে আমরা থামছি না।"
সিএনএন জানায়, সোমবার পর্যন্ত ncgov.org, ncgov.net, ncgov.com, np.nc.gov, governor.state.nc.us এবং northcarolina.govসহ সরকারি অনেক ডোমেইন অকেজো থাকলেও প্রধান ওয়েবসাইটটি চালুই ছিলো।
সরকারপক্ষের এক মুখপাত্র সিএনএনকে বলেন, "আমাদের প্রাদেশিক সরকারের সবকটি ওয়েবসাইটই স্বাভাবিকভাবেই চালু আছে।"
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানায়, এসব টুইটের ব্যাপারে তারা "অবগত", এবং এ বিষয়ে তারা এফবিআই-এর সঙ্গে মিলিতভাবে তদন্তের কাজ চালাচ্ছে।
সিএনএন জানায়, এই আইনকে অ্যান্টি-এলজিবিটি হিসেবে অভিহিত করেছেন অনেকেই। বিভিন্ন প্রতিষ্ঠান এবং জনপ্রিয় ব্যক্তিত্ব এই আইনের কারণে নর্থ ক্যারোলাইনাকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগেও নানা জাতীয় ও রাজনৈতিক বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে অ্যানোনিমাস। গত মার্চে দলটি মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনীত পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ফোন নাম্বার ও সোশাল সিকিউরিটি নাম্বার সহ অন্যান্য ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস করে দিয়েছে তারা - এমন দাবি জানায়।
