২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ভারত যাচ্ছেন কুক

অ্যাপল তার নিজস্ব ইন্ডিয়ান সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার বর্ধিতকরণের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি এক্সিলারেটর প্রোগ্রামে বিনিয়োগ করতে যাচ্ছে। আর এরই সুবাদে মঙ্গলবার প্রথমবারের মতো ভারত ভ্রমণে যাচ্ছেন টেক জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 03:39 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

ভিন্ন দুটি সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানালেও বিনিয়োগের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

এ ছাড়াও অ্যাপল আইওএস এবং ওএসএক্স সফটওয়্যার প্লাটফর্ম নিয়ে কাজ করছেন এমন ভারতীয় নির্মাতাদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি ভারতে একটি স্টার্টআপ এক্সিলেটর প্রোগ্রাম চালুর ঘোষণা দিতে পারে বলে জানায় একটি সূত্র।

অ্যাপল-এর পক্ষে একজন মুখপাত্র এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সফরকালে কুক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও শুক্রবার ভারতের বৃহত্তম মোবাইল অপারেটর ‘ভারতি এয়ারটেল’ এর প্রতিষ্ঠাতা সুনিল মিত্তাল-এর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে জানায় একটি সূত্র। এ ছাড়াও তিনি ইন্ডাস্ট্রি পার্টনারদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন বলে অপর আরেকটি সূত্র থেকে জানা যায়।

ভারতীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, লাখ লাখ ভারতীয়র জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে দেশটিতে প্রোডাকশন ফ্যাসিলিটি স্থাপনের জন্য কুককে চাপ দিতে পারেন মোদি।

গার্টনার-এর গবেষণা পরিচালক ভিশাল ত্রিপাথি বলেন, "কুকের ভারত ভ্রমণ থেকেই বোঝা যায় যে অ্যাপলের জন্য ভারত কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এটাই সম্ভবত ভারতে অ্যাপলের টিকে থাকা ও বিস্তৃতির ভিত্তি গড়ে দেবে।"

অ্যাপলের প্রধান দুই বাজার মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনে অ্যাপল পণ্যের বিক্রি যখন পড়তির মুখে, তখন ২০১৬ সালের প্রথম তিন মাসের মধ্যেই ভারতে অ্যাপল পণ্যের বিক্রি ৫৬ শতাংশ বেড়েছে।

এ বছরের প্রথমদিকে অ্যাপল দক্ষিণ ভারতীয় শহর হায়দ্রাবাদে একটি ডেভেলপমেন্ট সেন্টার উদ্বোধন করে। এতে প্রতিষ্ঠানটি বর্তমানে অ্যাপল ম্যাপস প্রকল্প নিয়ে কাজ করছে। এ ছাড়াও অ্যাপল ভারতে একটি অ্যাপল স্টোর খুলতে আলাদাভাবে আলোচনায় বসেছে বলে জানায় রয়টার্স।