২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র বানাবে নিনটেনডো?

কনসোল ব্যবসায় ঘাটতি কাটিয়ে উঠতে অন্যান্য ব্যবসার দিকে নজর দিচ্ছে গেইমিং কনসোল নির্মাতা জাপানিজ প্রতিষ্ঠান নিনটেনডো। আর এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি "ভিডিও কন্টেন্ট" নির্মাণের দিকে ঝুঁকছে বলে জানায় রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 10:52 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটি বিশ্বমানের কয়েকটি নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানান নিনটেনডো প্রেসিডেন্ট তাতসুমি কিমিশিমা।

সোমবার জাপানি দৈনিক আয়াশি-তে এক সাক্ষাতকারে তিনি জানান, নিনটেনডো-এর চরিত্রগুলোকে আরও জনপ্রিয়তা দেওয়া এবং এর মাধ্যমে এ সংক্রান্ত ব্যবসাকে শক্তিশালী করা ও বিশ্বব্যাপী গেমারদের সংখ্যা বাড়াতেই প্রতিষ্ঠানটি এ পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, "আমরা বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনা চালাচ্ছি। নিকট ভবিষ্যতেই আমরা কোনো একটি সিদ্ধান্তে আসতে পারব বলে আমার ধারণা।"

তবে কবে নাগাদ কোনো প্রকল্প শুরু করতে যাচ্ছেন তারা - এমন প্রশ্নের জবাবে অনেকটা ধোঁয়াশা রেখেই কিমিশিমা বলেন, পাঁচ বছরের মধ্যেই। তবে এতে নিনটেনডো-এর কোন কোন জনপ্রিয় চরিত্র ব্যবহার করা হতে পারে তা তিনি জানাননি।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র রয়টার্সকে জানান, কিরিশিমার মন্তব্যে উল্লিখিত "ভিডিও কন্টেন্ট" এর মধ্যে চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা কিন্তু তিনি উড়িয়ে দেননি।

ইতোপূর্বে বিভিন্ন সময়ে নিনটেনডো-এর চরিত্রগুলো নিয়ে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো 'পোকিমন' ফ্র্যাঞ্চাইজি ও ১৯৯৩ সালের 'সুপার মারিও' - এর মতো চলচ্চিত্র বানালেও এবার প্রতিষ্ঠানটি নিজেই তেমন কিছুই করতে আগ্রহী বলে জানান কিমিশিমা। তবে তা লাইভ অ্যাকশন হওয়ার সম্ভাবনা কম বলে জানা তিনি।

'সুপার মারিও' কনসোল গেইম নির্মাতা শিগেরু মিয়ামতো টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে একটি স্বল্পদৈর্ঘ্য থ্রিডি অ্যানিমেটেড চলচ্চিত্র প্রদর্শন করেন। এ ছাড়াও রয়টার্সের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনার কথা জানান।