গান সরানোর দায় স্বীকার অ্যাপলের
অনুমতি ছাড়াই গ্রাহকের গান মুছে দেওয়ার অভিযোগ স্বীকার করল টেক জায়ান্ট অ্যাপল। এ নিয়ে গ্রাহকদের জন্য রক্ষাকবচ হিসেবে নতুন আপডেট আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
২০১৫ সালে অ্যাপল মিউজিকের সূচনা থেকেই এই সমস্যাটি লেগে রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ সাইট ভার্জ। অনেকদিন সুপ্ত থাকা সমস্যাটি আবার উঠে আসে জেমস পিংকস্টোন নামে এক আইটিউনস ব্যবহারকারীর ব্লগ পোস্ট থেকে। পোস্টে পিংকস্টোন দাবি করেন অ্যাপল তার গান 'চুরি' করেছে। ভাইরাল হয় যাওয়া পোস্টটি থেকে জানা যায় পিংকস্টোন-এর ১২২ গিগাবাইট গানের সংগ্রহ হঠাৎ করে গায়েব হয়ে যায়। এ ব্যাপারে অভিযোগ জানালে অ্যাপল থেকে পিংকস্টোনকে জানানো হয়, অ্যাপল মিউজিক তার গানগুলোকে ক্লাউডভিত্তিক ডিজিটাল সংস্করণে অন্তর্ভুক্ত করছে। গান মুছে দেওয়া এই প্রক্রিয়ারই একটি অংশমাত্র।
পরে একটি ফোনকলে পিংকস্টোনকে বলা কথা ফিরিয়ে নেয় অ্যাপল। পরবর্তীতে প্রতিষ্ঠানটি একটি পূর্ণ প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত করে গান মুছে দেওয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটির কোন পূর্ব-পরিকল্পনা ছিল না। অ্যাপলের প্রতিবেদনে বলা হয়, "কিছু সংখ্যক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, তাদের কম্পিউটার থেকে অনুমতি ছাড়াই গান সরিয়ে ফেলা হয়েছে। আমরা ব্যাপারটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি কারণ গ্রাহকদের কাছে গানের গুরুত্ব আমরা বুঝি। আমাদের কর্মীরা সমস্যাটিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
সামনের সপ্তাহের শুরুতেই আমরা একটি আপডেট নিয়ে আসব যেখানে অতিরিক্ত সুরক্ষাপ্রলেপ থাকবে। এরপরও যদি কোনো ব্যবহারকারী সমস্যায় পড়েন তবে তাকে অ্যাপলকেয়ার-এ যোগাযোগ করার আহবান রইল।"
অ্যাপল পণ্য বিষয়ক সাইট আইমোর-এর মতে অ্যাপলের নতুন গোলমেলে ক্লাউড মিউজিক লাইব্রেরি ফিচারটি হতে পারে এই সমস্যার কারণ। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা কোনো গানের আসল সংস্করণ তাদের ডিভাইসে না রেখেও গান শুনতে পারেন। সাইটের দেওয়া তথ্য অনুযায়ী,আইটিউনস ভার্সন ১২.৩.৩-এ সমস্যাটি দেখা দেওয়ার আশঙ্কা বেশি।
