ইউরোপে রেকর্ড জরিমানার মুখে গুগল
ওয়েব জায়ান্ট গুগলকে রেকর্ড জরিমানার মুখোমুখি করছে ইউরোপিয়ান কমিশন।
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিট্রাস্ট আইনে অভিযুক্ত গুগলের জরিমানার পরিমাণ হতে পারে তিন হাজার চারশ' কোটি ইউরো।
গুগলের বিরুদ্ধে ইন্টারনেট সার্চে নিজেদের সেবা কিংবা পণ্যের প্রচারণা চালানোর অভিযোগ আনে ইউরোপিয়ান ইউনিয়ন। রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার শুরু হয় ২০১০ সালের শেষদিকে।
শেষ ছয় বছরে অন্তত তিনবার ঘটনাটি আপোষের চেষ্টা করেছে গুগল, জানায় ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কয়েকজন। এখন ইউরোপিয়ান ইউনিয়ন নিজেদের অবস্থান পরিবর্তন না করলে সমস্যা মিটমাটের কোনো পরিকল্পনা নেই গুগলের।
টেলিগ্রাফ থেকে ঘটনায় সংযুক্ত এক সূত্রের বরাত দিয়ে বলা হয়, জরিমানার ঘোষণা আসতে পারে সামনের মাসের শুরুতেই তবে এ ব্যাপারে বিজ্ঞপ্তিপত্র এখনো চূড়ান্ত করা হয়নি। জরিমানার সঙ্গে ইন্টারনেট সার্চে গুগলের আধিপত্যের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হবে।
ইউরোপিয়ান কমিশন কোনো প্রতিষ্ঠানকে তাদের বার্ষিক ব্যবসার শতকরা ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারে। গুগলের জন্য তা সর্বাধিক ৬শ' কোটি ইউরো পর্যন্ত হতে পারে।
এ পর্যন্ত অ্যান্টিট্রাস্ট আইনে সবচেয়ে বেশি জরিমানা দিয়েছে কম্পিউটার চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনটেল। প্রতিষ্ঠানটির দেয়া জরিমানার পরিমাণ ছিল এক হাজার একশ' কোটি ইউরো।
এদিকে ঘটনার ব্যাপারে কমিশন কিংবা গুগল, মুখ খোলে নি কেউই।
