তথ্য গোপনে বাছবিচার গুগলের
২০১৪ সালে গুগলের ‘রাইট টু বি ফরগটেন’ ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ইউরোপের ব্যবহারকারীরা চাইলেই ব্যক্তিগত গোপনীয়তার অজুহাতে বিভিন্ন ওয়েবপেইজে তাদের সার্চ রেজাল্ট গোপন রাখার জন্য গুগলের কাছে আবেদন জানাতে পারেন। তবে এর মধ্যে অনেক আবেদনই নানা কারণে প্রত্যাখ্যাত হয়।
ব্যবহারকারীদের নানা অনুরোধ গুগলে পাঠানোর কাজে নিয়োজিত প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা প্রতিষ্ঠান রেপুটেশন ভিআইপি জানায়, গুগলে পাঠানো ‘রাইট টু বি ফরগটেন’ আবেদনের শতকরা ৮.৩ শতাংশই পাঠিয়েছেন তারা। এই প্রতিষ্ঠানটির তথ্য থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত চটকদার সব তথ্য পাওয়া গেছে বলে জানায় বিজনেস ইনসাইডার।
এতে দেখা যায়, রেপুটেশন ভিআইপি-এর মাধ্যমে গুগলে জমা পড়া মোট আবেদনের শতকরা ৬২.১ শতাংশই ছিলো ব্যক্তিগত গোপনীয়তার অজুহাতে সার্চ রেজাল্ট গোপন রাখার জন্য, যেখানে এর 'নিকটতম প্রতিদ্বন্দ্বী' মানহানির কারণে আবেদন ছিলো শতকরা ৯.৪ শতাংশ।
গুগলের পক্ষ থেকে এসব আবেদনের শতকরা ২৯.৭ শতাংশই প্রত্যাখ্যান করা হয় পেশাগত তথ্য বিষয়ক পেইজে ব্যক্তিগত তথ্যের অভাব দেখিয়ে। এ ছাড়াও এসব আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় ১৯.৯ শতাংশ ক্ষেত্রেই কারণ ছিলো নিজের তৈরি কন্টেন্ট পেইজ সংক্রান্ত তথ্য গোপনের আবেদন জানানো।
